জেএমবির আত্রাই অঞ্চলের কমান্ডার হেমায়েত আটক
নওগাঁ জেলার আত্রাই উপজেলার আটগ্রাম থেকে জেএমবির আঞ্চলিক কমান্ডার হেমায়েত হোসেন ওরফে হিমুকে (৩৯) আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) জঙ্গি দমন সেল গত বুধবার রাতে ওই গ্রামের নিজ বাড়ি থেকে হেমায়েতকে আটক করে।হেমায়েতকে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর বিনোদপুরে অবস্থিত র্যাবের আঞ্চলিক সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক জেএমবির নেতা হেমায়েত জেএমবির একজন সক্রিয় সদস্য ও আত্রাই অঞ্চলের কমান্ডার। তিনি আত্রাইয়ের অবসরপ্রাপ্ত সেনাসদস্য শেখ ফরিদ ও রানীনগরের যুবলীগের নেতা ইদ্রীস আলী ওরফে খেজুর হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।জানা যায়, জেএমবির তত্কালীন দ্বিতীয় প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই গ্রেপ্তার হওয়ার পর হেমায়েত এলাকা ছেড়ে পালান। বাংলা ভাইয়ের ফাঁসির আদেশ কার্যকর হওয়ার পর এলাকায় ফিরে জেএমবিকে পুনরায় সংগঠিত করতে শুরু করেন হেমায়েত। শেখ ফরিদ হত্যা মামলায় হেমায়েতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে হেমায়েত আবার এলাকা ছাড়েন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব তাঁকে আটক করে।র্যাবের অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার মুঠোফোনে প্রথম আলোকে জানান, ২০০৪ সালে জেএমবির দ্বিতীয় প্রধান বাংলা ভাইয়ের নেতৃত্বে হেমায়েত হোসেন জেএমবির নওগাঁ, নাটোর ও রাজশাহী অঞ্চলের কমান্ডারের দায়িত্ব পালন করেন। ওই সময় হেমায়েতের নেতৃত্বে জেএমবির জঙ্গিরা আত্রাই উপজেলার ভোঁপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য শেখ ফরিদকে তাঁর নিজ গ্রাম থেকে ধরে এনে উপজেলার ভবানীপুর উচ্চবিদ্যালয় মাঠের গাছে ঝুলিয়ে মারপিট করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির তিন দিন পর শেখ ফরিদের মৃত্যু হয়।ওই বছরের মে মাসে রানীনগর উপজেলার সিম্বা গ্রামের বাসিন্দা যুবলীগের নেতা ইদ্রীস আলী খেজুর ও শফিকপুর গ্রামের আবদুল কাইয়ুম বাদশাকে আটক করে জেএমবির জঙ্গিরা বাঁশবাড়িয়া গ্রামের খাবির শেখের বাড়িতে নিয়ে নির্যাতন করে। পরে উপজেলার ভেটি সিদ্দিকিয়া মাদ্রাসার একটি কক্ষে খেজুরকে হাত, পা ও গলা কেটে হত্যা করে তাঁর লাশ মাটিতে পুঁতে রাখা হয়। অন্যদিকে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বামনগাঁওয়ের একটি গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা আবদুল কাইয়ুম বাদশার মরদেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ।আটক হেমায়েতের বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।