জেএমবির আমির সাইদুরসহ তিনজন ছয় দিনের রিমান্ডে
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমান, আবদুল্লাহ হেল কাফী ও তাঁর স্ত্রী আয়শা আকতারকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার মহানগর হাকিম কনিকা বিশ্বাস তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে একই দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির অপর দুই এহসার (সার্বক্ষণিক কর্মী) আমির হোসেন ওরফে শরীফ ও নুর হোসেন ওরফে সবুজকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সাইদুর রহমানসহ তিনজনকে দুটি মাইক্রোবাসে করে গতকাল বিকেল চারটার দিকে ডিবি পুলিশ ঢাকা মহানগর হাকিম আদালতে নেয়। আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এর জন্য দুপুর ১২টার পর থেকেই আদালত এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়।এসবির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম খালিদ কদমতলী থানায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। আর ডিবি পুলিশ সাইদুর রহমানসহ তিনজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। যৌথ অভিযানে গ্রেপ্তার এই আসামিদের বিরুদ্ধে করা মামলা তদন্ত করছে ডিবি।ডিবির পরিদর্শক মাহবুবুর রহমান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষনেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ পাঁচজন জঙ্গির ফাঁসি কার্যকরের পর সংগঠনটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু মাওলানা সাইদুর রহমান জেএমবিকে সংগঠিত করে সারা দেশে জঙ্গি তৎপরতা চালাতে শুরু করেন। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে আসার পর এসবি, ডিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত রোববার রাজধানীর দনিয়ার শাহজালালবাগের নান্নু হাজির বাড়িতে অভিযান চালিয়ে ১৮টি জিহাদি বই, বোমা, বোমা তৈরির উপকরণ উদ্ধার করে। এসব সরঞ্জাম, জিহাদি বই প্রকাশনা, ছাপাখানার সন্ধান জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামিদের আস্তানা থেকে যে বোমা উদ্ধার করা হয়, তা হাতে তৈরি এবং তাঁদের আগের তৈরি বোমার উন্নত সংস্করণ। এতে বৈদ্যুতিক সার্কিট ও ব্যাটারি এবং সাদা রঙের বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। এ ধরনের বোমা তৈরির প্রশিক্ষণ তাঁরা কোথায় পেয়েছেন তার উৎসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।প্রতিবেদনে আরও বলা হয়, আসামিরা জঙ্গি তৎপরতার মাধ্যমে দেশে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা এবং ধ্বংসাত্মক কাজে জড়িত। তাঁদের কাছে আরও অস্ত্র আছে। এসব অস্ত্রের উৎস ও অস্ত্র, বোমা এবং সহযোগী আসামিদের অবস্থান সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন।বাকি দুজন সাত দিনের রিমান্ডে: প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি শরীফ ও সবুজের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করে। তাঁদের গতকাল নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।