জেএমবির এক সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড
পাবনায় আদালত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০০৫ সালের ১৭ আগস্ট জেলায় সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার তাঁকে এ শাস্তি দেওয়া হয়। শাস্তি পাওয়া ব্যক্তির নাম নুরুল ইসলাম কাউসার। তিনি ২০০৫ সালে জেএমবির পাবনা জেলা শাখার কমান্ডার ছিলেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে মুকুল হোসাইন ও হাসমত আলী নামের জেএমবির অপর দুজন সদস্যকে খালাস দিয়েছেন আদালত। হাসমত আলী পলাতক রয়েছেন।পাবনা বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুর কাদের আজ এ রায় দেন।পাবনা সদর থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। পরে এ মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট জেলার আদালত প্রাঙ্গণ, বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৭ সালে ৩০ অক্টোবর তত্কালীন ওসি ইকবাল শফি এ মামলায় ওই তিন আসামিসহ পাঁচজনের নামে অভিযোগপত্র দায়ের করেন। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে এম আর খান নামের একজন চিকিত্সককে অব্যাহতি দেওয়া হয়। পরে চারজনের মধ্যে আবদুল আউয়াল নামের একজন মারা যান।