জেএমবির তিন সদস্য গ্রেপ্তার
র্যাবের সদস্যরা রাজধানীসহ ঢাকার ধামরাই এলাকা থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ ১৭ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন ধামরাইয়ের কাকরান নয়াপাড়া গ্রামের মো. ফারুক হোসেন ওরফে কসাই ফারুক, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার উত্তর বদরেচাক গ্রামের আবুল হোসেন (২৮) ও ফরিদপুর সদর উপজেলার হাবলি দয়ারামপুর গ্রামের আবদুল গফফার (৩২)। তাঁরা জেএমবির এহসার সদস্য বলে র্যাব জানিয়েছে।র্যাব-৪ সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে র্যাব গত শুক্রবার কাকরানের নিজ বাড়ি থেকে ফারুককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ২০০৫ সালের ১৭ আগস্ট সাভারে বোমা বিস্ফোরণের অভিযোগ রয়েছে। তাঁর ছোড়া বোমার আঘাতে ছালাম নামের এক কিশোর মারা যায়।সূত্র জানায়, গত বছর ৩ এপ্রিল ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন ফারুক। ২০ মাস পর ১৫ নভেম্বর তিনি জামিনে মুক্ত হন। কিন্তু তাঁর বিরুদ্ধে সাভার ও ধামরাই থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, ফারুকের দেওয়া তথ্যমতে, রাজধানীর শাহআলী থানার কমার্স কলেজ রোড থেকে গতকাল শনিবার রাতে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও নারায়ণগঞ্জ সদর থানাসহ ফতুল্লা থানায় ১৭ আগস্ট বোমা হামলাসহ বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে।আজ রোববার সকালে রাজধানীর চিড়িয়াখানা রোড থেকে গ্রেপ্তার করা হয় আবদুর গফফারকে। তাঁর বিরুদ্ধেও ১৭ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর সদর থানায় মামলা রয়েছে।র্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আইয়ুব জানান, তাঁরা জেএমবির এহসার সদস্য। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের সঙ্গেও তাঁদের যোগাযোগ ছিল। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।মো. আইয়ুব জানান, আবুল হোসেন একটি মামলায় শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের সঙ্গে আসামি ছিলেন।