জেএমবির দুই জঙ্গির ৫০ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি নেতা সালাউদ্দিন ওরফে সালেহীন ও আসাদুজ্জামান পনিরকে ৫০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় দেন।রায় ঘোষণার আগে সালাউদ্দিন ও আসাদুজ্জামানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে ১৯০৮ সালে বিস্ফোরকদ্রব্য আইনের ৩ ধারায় ৩০ বছর (যাবজ্জীবন) এবং ৪ ধারায় ২০ বছর করে মোট ৫০ বছর কারাদণ্ড দেন। অপর আসামি শরীফ ওরফে আশরাফুল ওরফে আশরাফ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক।আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের আর কে মিশন রোডে আকুয়া মোড়লবাড়ির নূরমহলে র্যাব অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ সালাউদ্দিন ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব-৯-এর তত্কালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জিন্নাহ মামলাটি করেন। পুলিশ তদন্ত শেষে জেএমবির শীর্ষ নেতা বাংলা ভাই, শায়খ আবদুর রহমান ও তাঁর ভাই আতাউর রহমান সানি, সালাউদ্দিন, আসাদুজ্জামান ও আশরাফুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৭ সালের ২৯ জুলাই বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানের ফাঁসি কার্যকর হওয়ায় এই মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।