জেএমবির দুই শুরা সদস্যের ফাঁসির রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মজলিসে শুরার দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ বেঞ্চ এ রায় দেন।দুই আসামি হলেন সালাহউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজিব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে মো. রাকিব হাসান ওরফে রাসেল। দুই আসামি কারাগারের কনডেম সেলে বন্দী। ২০০৬ সালের ৯ নভেম্বর বিচারিক আদালত এক রায়ে এ দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।আদালত সূত্র জানায়, গনি গোমেজ মুসলমান থেকে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করায় তাঁকে হত্যার সিদ্ধান্ত নেয় জেএমবি। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়। পরে ২০০৪ সালের ১৮ সেপ্টেম্বর গনি গোমেজকে হত্যা করা হয়। পরদিন নিহতের স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে সালেহীন, হাফেজ মাহমুদ, ভাগ্নে শহিদ ও বেলালকে আসামি করে জামালপুর থানায় মামলা করেন। ২০০৬ সালের ১৭ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়। ২০০৬ সালের ৯ নভেম্বর ট্রাইব্যুনাল রায় দেন। পরে নিয়ম অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। ২০০৭ সালে কারা কর্তৃপক্ষ দুই আসামির দুটি আবেদন আদালতে পাঠায়, যা জেল আপিল হিসেবে গ্রহণ করা হয়। ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়। এর আগে ২০০৬ সালের ২৫ এপ্রিল চট্টগ্রাম থেকে সালেহীনকে এবং ওই বছরের ২২ ফেব্রুয়ারি রাকিবকে বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম শুনানি করেন। তাঁকে সহায়তা করে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী ও মনজু নাজনীন। আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন শিরিন আফরোজ ও বাহার উদ্দিন আল রাজী। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের জেল আপিল খারিজ করে ও ডেথ রেফারেন্সে অনুমোদন দিয়ে রায় দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবেন আসামিরা।কারাগার থেকে পাঠানো আসামিদের বক্তব্যে বলা হয়, মানুষের তৈরি প্রচলিত আইনে বিচার তাঁরা মানেন না। এ আইনে তাঁরা নির্দোষ। এ বিচারের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন না। তবে ইসলামি শরিয়াহ আইনে বিচার হলে তাঁরা আপিল করবেন।