জামায়াতে ইসলামী স্বীকার করেছে, জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান একসময় জামায়াত করতেন। তবে দলটি দাবি করেছে, ২১ বছর আগে ১৯৮৯ সালে সাইদুর রহমানকে নৈতিক স্খলনের কারণে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে তাঁর সঙ্গে জামায়াতের দূরতম কোনো সম্পর্কও নেই।ডিবি পুলিশের বরাত দিয়ে জেএমবির প্রধানের জবানবন্দি উদ্ধৃত করে কয়েকটি সংবাদপত্রে গতকাল শুক্রবার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার প্রতিক্রিয়ায় জামায়াত এ তথ্য জানায়। জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, হেফাজতে থাকাকালে পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া কোনো ব্যক্তির জবানবন্দি বাইরে প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। কোনো পুলিশ কর্মকর্তা তাঁদের হেফাজতে থাকা কোনো ব্যক্তির জবানবন্দি বাইরে প্রকাশ করার মতো বেআইনি ও অনৈতিক কাজ করতে পারেন না। কাজেই ডিবি পুলিশের বরাত দিয়ে পুলিশের হেফাজতে থাকা মাওলানা সাইদুর রহমানের কথিত জবানবন্দির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে কয়েকটি সংবাদপত্র যে তথ্য ও সংবাদ প্রচার করেছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে দাবি করা হয়, মাওলানা সাইদুর রহমানের সঙ্গে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সম্পর্ক থাকার কথা সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, শায়খ আবদুর রহমান ও ছিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে জামায়াতের কোনো নেতার সম্পর্ক ছিল না।