জেএমবির প্রধান সাইদুর রহমানসহ তিনজন ছয় দিনের রিমান্ডে
গ্রেপ্তার হওয়া জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান,এহসার সদস্য (সার্বক্ষণিক সদস্য)আবদুল্লাহ হেল কাফী ও তাঁর স্ত্রী আয়েশা আক্তারকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।আজ বুধবার বিকেল চারটায় ঢাকা মহানগর হাকিম কণিকা বিশ্বাসের আদালতে তাঁদের হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে ছয় দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।রিমান্ড প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ সংগঠনের বই, প্রচারপত্র দিয়ে দেশের অভ্যন্তরে তারা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছে। আসামিদের কাছ থেকে গ্রেপ্তারের সময় জিহাদি বই, আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। জেএমবির সাবেক প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ পাঁচজনের ফাঁসি হওয়ার পর সাইদুর রহমান জেএমবির হাল ধরেন এবং দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা করেন।আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই কোথায় থেকে ছাপা হয় ও সরবরাহ করা হয় এবং সহযোগী আসামিদের অবস্থান সম্পর্কে জানতে ও গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।এরপর আদালত আসামিদের প্রত্যেককেই ছয় দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।