নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে ওই মামলায় সাইদুর রহমানকে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় আনা হয়। আশরাফুজ্জামান জিলানীর আদালতে রাষ্ট্রপক্ষে রিমান্ডের শুনানিতে অংশ নেন অতিরিক্ত কৌঁসুলি ফজলুর রহমান, আনিসুর রহমানসহ শতাধিক আইনজীবী।আনিসুর রহমান আদালতকে জানান, সাইদুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী সিদ্ধিরগঞ্জ পাইনাদি মিজমিজি এলাকা থেকে সহযোগী আমির হোসেন ও নূর হোসেনের কাছ থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য তাঁরা অস্ত্র ও বিস্ফোরক-জাতীয় দ্রব্য মজুদ করেছিলেন।সাইদুর রহমান আদালতে জানান, শায়খ আবদুর রহমানের মৃত্যুর পর তিনি জেএমবিপ্রধানের দায়িত্ব নেন। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে নয়, তিনি জনগণকে উদ্বুদ্ধ করে ইসলামি রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন বলে আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।গত ২৬ মে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকা থেকে পুলিশের বিশেষ শাখার একটি দল অভিযান চালিয়ে জেএমবির সামরিক শাখার সদস্য আমির হোসেন ওরফে শরীফ ও এহসার সদস্য নূর হোসেন ওরফে সবুজকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় দেশি একটি পিস্তল, জঙ্গি বইসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। আমির হোসেন ও নূর হোসেনকে প্রথম দফায় সাত দিন ও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।