জেএমবির ভারপ্রাপ্ত আমির ভাগ্নে শহীদসহ ছয় জঙ্গি গ্রেপ্তার
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষনেতা ভাগ্নে শহীদসহ (৩০) ছয়জন জঙ্গি ধরা পড়েছেন। পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দল কয়েক দিন ধরে বগুড়া ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনটির এই ছয় জঙ্গিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে এঁদের গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসান প্রথম আলোকে জানান, ভাগ্নে শহীদ জেএমবির উত্তরাঞ্চলের বিভাগীয় প্রধান। গত মে মাসে সংগঠনটির আমির সাইদুর রহমান ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর শহীদ জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নেন। তাঁর প্রকৃত নাম আনোয়ার আলম। সংগঠনে তিনি ভাগ্নে শহীদ নামে বেশি পরিচিত। এ ছাড়া নাজমুল, খোকা, তারিক প্রভৃতি ছদ্মনামও তিনি ব্যবহার করতেন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগড় গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। শহীদ এর আগে কিছুদিন জেএমবির কথিত সামরিক শাখারও প্রধান ছিলেন।পুলিশ সূত্র জানায়, ভাগ্নে শহীদ একটি মামলায় ১৮ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে।শহীদের সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর পাঁচজন জঙ্গি হলেন—জেএমবির রাজশাহী বিভাগের সাংগঠনিক প্রধান শফিকুল ইসলাম ওরফে জামাই রফিক (২৮), গাইবান্ধা জেলার প্রধান গিয়াস ওরফে রাসেল (২৫), এহসার (আত্মোৎসর্গে প্রস্তুত কর্মী) শাকিল (২২) এবং দুই গায়েরে এহসার (সাধারণ সদস্য) আবদুল মজিদ (৫০) ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনোয়ার (৪৮)। শেষের দুজন জেএমবির জন্য অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করেন বলে পুলিশ জানিয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব জঙ্গিকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে পুলিশ। সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, ভাগ্নে শহীদ ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছেন, গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দলটি ঢাকা থেকে বগুড়ায় আসে। তারা বগুড়া পুলিশের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় বগুড়ার বাইপাস সড়কের ছিলিমপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে লুঙ্গি ও গেঞ্জি পরা অবস্থায় ভাগ্নে শহীদকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি ভারতীয় পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করে।পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শহীদ জানান, সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর তিনি জেএমবির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রধানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জামাই রফিক, গিয়াস ওরফে রাসেল, শাকিল, আবদুল মজিদ ও আনোয়ারকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম ও জেএমবির কিছু পুস্তিকা উদ্ধার করা হয়েছে।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাগ্নে শহীদ পুলিশকে বলেছেন, সাইদুর রহমানসহ তাঁদের অনেক নেতা কারাগারে রয়েছেন। অনেকের কারাদণ্ড হয়েছে। এ অবস্থায় তাঁরা প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।পুলিশ সুপার জানান, এ ছয় জঙ্গিকে গতকালই আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।গত মে মাসে রাজধানী ঢাকা থেকে জেএমবির আমির সাইদুর রহমান ও কথিত সামরিক কমান্ডার শিবলুসহ ছয়জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযান পরিচালনার সময় জঙ্গিদের বোমা হামলায় বিশেষ গোয়েন্দা দলটির কর্মকর্তা জান্নাতুল হাসানসহ পুলিশের আটজন সদস্য আহত হন।