জেএমবির ভারপ্রাপ্ত আমির ভাগ্নে শহীদসহ ৬ জঙ্গি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা ভাগ্নে শহীদকে (৩০) পাঁচ দিনের এবং অন্য পাঁচ জঙ্গিকে চার দিন করে রিমান্ডে নিয়েছে।আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শহীদকে বগুড়ার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রশিদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। হাকিম মো. হাসানুজ্জামান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা পাঁচ জঙ্গিকে বিকেল চারটার দিকে গাইবান্ধার বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আজিজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।গ্রেপ্তার এই পাঁচজন হলেন জেএমবির রাজশাহী বিভাগের সাংগঠনিক প্রধান শফিকুল ইসলাম ওরফে জামাই রফিক (২৮), গাইবান্ধা জেলার প্রধান গিয়াস ওরফে রাসেল (২৫), এহসার (আত্মোৎসর্গে প্রস্তুত কর্মী) শাকিল (২২) এবং দুই গায়েরে এহসার (সাধারণ সদস্য) আবদুল মজিদ (৫০) ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনোয়ার (৪৮)।পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দল কয়েক দিন ধরে বগুড়া ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনটির ছয় জঙ্গিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসান প্রথম আলোকে জানান, ভাগ্নে শহীদ জেএমবির উত্তরাঞ্চলের বিভাগীয় প্রধান। গত মে মাসে সংগঠনটির আমির সাইদুর রহমান ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর শহীদ জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নেন। তাঁর প্রকৃত নাম আনোয়ার আলম। সংগঠনে তিনি ভাগ্নে শহীদ নামে বেশি পরিচিত। ভাগ্নে শহীদ এর আগে কিছুদিন জেএমবির কথিত সামরিক শাখারও প্রধান ছিলেন।পুলিশ সূত্র জানায়, ভাগ্নে শহীদ একটি মামলায় ১৮ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে।