জেএমবির সাজাপ্রাপ্ত জঙ্গি গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক জঙ্গি এমদাদুল হক উজ্জ্বলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।উত্তরা মডেল থানা পুলিশ গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় উত্তরার জনপথ রোডের প্যাসেন্ট কেয়ার হাসপাতালের সামনে থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে জঙ্গিবাদের বই, জেএমবির বিভিন্ন তথ্য-সংবলিত খাতা ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়েছে।উজ্জ্বল ময়মনসিংহের মুক্তাগাছার ব্র্যাক অফিস ডাকাতি মামলারও পলাতক আসামি বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উজ্জ্বল শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী। জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে ২০০৬ সালের জুনে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২০০৭ সালের জানুয়ারিতে জামিনে বের হয়ে পালিয়ে যান তিনি।২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় তাঁর বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। এই মামলার তিনি অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া ২০০৭ সালে একই থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা অন্য একটি মামলায় তাঁর চার বছরের সাজা হয়।এসব মামলা এবং সাজা নিয়ে তিনি কখনো কাপড়ের দোকানের কর্মচারী, হকার বা রিকশা চালিয়ে ছদ্মবেশে জীবনযাপন করতেন। এভাবে তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ রকম এক গোপন বৈঠকে মিলিত হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।