সারা দেশে এখনো জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪০০ এহসার সদস্য সক্রিয় রয়েছেন। এহসার সদস্যরা হচ্ছেন নিষিদ্ধ সংগঠনটির মূল কর্মী বাহিনী, যাঁরা সংগঠনের জন্য সার্বক্ষণিক নিবেদিত। আর সংগঠনটির প্রতি সহানুভূতিশীল ও সমর্থক আছেন ৫০ হাজারের বেশি। প্রশাসনের বিশেষ বিভাগেও জেএমবির প্রতি সহানুভূতিশীল ব্যক্তি আছেন।জেএমবির আমির মাওলানা সাইদুর রহমান জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।সাইদুর রহমানকে বুধবার ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলে গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচজন, বিশেষ শাখার (এসবি) চারজন, সিআইডি ও পুলিশ সদর দপ্তরের দুজন করে কর্মকর্তা আছেন।জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইদুর রহমান বলেছেন, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি গ্রেপ্তার হলেও আমির পদে থাকবেন। তবে তাঁর অনুপস্থিতিতে জ্যেষ্ঠতাক্রম অনুযায়ী সোহেল মাহফুজের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালনের কথা। মাহফুজ এখন সাংগঠনিক কাজে ভারতে আছেন বলে দাবি করেন তিনি।তবে সাইদুরের মতে, আমির পদে চট্টগ্রামের শাহেদ সবচেয়ে যোগ্য। শাহেদ এখন সৌদি আরবে আছেন। সাইদুর আশা করছেন, সংগঠনের এই দুঃসময়ে শাহেদ দেশে ফিরে হাল ধরবেন।জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানও ২০০৬ সালে গ্রেপ্তারের পর জবানবন্দিতে শাহেদ বিন হাফিজ নামে সংগঠনটির একজন প্রতিষ্ঠাতা শুরা সদস্যের নাম বলেছিলেন।জেএমবির নয় সাংগঠনিক বিভাগ: সাইদুর রহমান জিজ্ঞাসাবাদে জানান, শায়খ রহমানের ফাঁসির পর তাঁর নেতৃত্বে পুনর্গঠিত জেএমবি দেশকে নয়টি সাংগঠনিক জেলায় ভাগ করে কার্যক্রম শুরু করে। এর মধ্যে ঢাকাকে তিনটি বিভাগে (ঢাকা উত্তর, দক্ষিণ ও মহানগর), রাজশাহীকে দুটি বিভাগে ভাগ করা হয়। বাকি চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ।এর মধ্যে ঢাকা মহানগরের দায়িত্বে আছেন শিবলু ওরফে নজরুল। একই সঙ্গে তিনি বোমা মিজান গ্রেপ্তারের পর জেএমবির কথিত সামরিক শাখারও দায়িত্ব নেন। শিবলুর বাড়ি রাজধানীর ভাসানটেকে। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জঙ্গিদের বোমা হামলায় অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসানসহ পুলিশের আটজন সদস্য আহত হন। ঢাকা দক্ষিণের দায়িত্বে থাকা জহিরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদলও গত বছর গ্রেপ্তার হন। ঢাকা উত্তরের (গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ইত্যাদি) দায়িত্বে আছেন সোহেল মাহফুজ।খুলনা বিভাগের প্রধান মেহেদী হাসান ওরফে আবীরও গত বছরের অক্টোবরে গ্রেপ্তার হন। চট্টগ্রাম বিভাগের দায়িত্বশীল শুরা সদস্য তামীম এখনো ধরা পড়েননি। রাজশাহীর দুটি বিভাগেরই দায়িত্বে আছেন নাজমুল ওরফে ভাগিনা শহীদ। পুলিশ ও র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এখন বাইরে থাকাদের মধ্যে ভাগিনা শহীদ সবচেয়ে দুর্ধর্ষ।রিমান্ডে জেএমবির আমির জানিয়েছেন, সংগঠনের দাওয়াতি কাজের দায়িত্বে আছেন শাকিল ওরফে হোসাইন। এখন জেএমবির তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার দায়িত্বে আছেন সায়েম (বাড়ি ঢাকার শনির আখড়ায়)। তাঁরা এখনো ধরা পড়েননি। সাইদুরের তৃতীয় ছেলে ফাহিম ওরফে বাশার ছিলেন জেএমবির আর্থিক বিষয়াদি দেখার দায়িত্বে। বাশারকে কয়েক মাস আগে একটি গোয়েন্দা সংস্থা আটক করলেও গ্রেপ্তার দেখানো হয়নি বলে দাবি করেন সাইদুর।৫০ বছরের পরিকল্পনা: জিজ্ঞাসাবাদে সাইদুরের দাবি, তিনি সামরিক পন্থার চেয়ে দাওয়াতি কাজকে বেশি গুরুত্ব দিতেন। দাওয়াতি কাজে বাধা দিলে তখন সামরিক পদক্ষেপের বিষয়টি আসবে। কিন্তু সোহেল মাহফুজ ও ভাগিনা শহীদ দাওয়াতি ও সামরিক কার্যক্রম একসঙ্গে চালু রাখার পক্ষে। সাইদুর জানান, তিনি জেএমবির জন্য ৫০ বছর মেয়াদি পরিকল্পনা করেছেন। তাঁর ধারণা, এর মধ্যেই দেশ থেকে ‘তাগুতি শাসনের’ অবসান হবে।তবে পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দলের কর্মকর্তা জান্নাতুল হাসান বলেন, জেএমবির নাশকতার প্রস্তুতি ছিল। এই কর্মকর্তার নেতৃত্বে পাঁচ মাস ধরে গোয়েন্দা অনুসন্ধান (হিউম্যান ইন্টেলিজেন্স) চালিয়ে জেএমবির শীর্ষ নেতাদের গতিবিধি ও অবস্থান শনাক্ত এবং সাইদুরসহ অন্যদের গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে তাঁরা নারায়ণগঞ্জের পাইনাদী এলাকায় জেএমবির কথিত সামরিক শাখার সমন্বয়ক আমির হোসেন ওরফে শরীফের বাসা থেকে আত্মঘাতী হামলার জন্য ব্যবহারযোগ্য ১০টি কোমরবন্ধনী (বিস্ফোরক বেল্ট), অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ বোমা-গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসান প্রথম আলোকে বলেন, শরীফের ওই আস্তানা মূলত জেএমবির বোমা ও গুলি তৈরির কারখানা হিসেবে ব্যবহূত হতো। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, উদ্ধার করা বেল্টের মধ্যে বিশেষ কায়দায় বোমা সংযুক্ত ছিল। ওই বেল্ট কোমরে বাঁধলে বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরে বোমা আছে। শুধু একটি পিন সামান্য বেরিয়ে থাকে, যেটা টান দিলে বিস্ফোরণ ঘটে। এ রকম ৬০টি বিস্ফোরক বেল্ট তৈরির পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে শরীফ স্বীকার করেছেন।ঢাকায় বসেই সংগঠন পরিচালনা: সাইদুর রহমান ঢাকায় বসেই নিষিদ্ধ সংগঠনটি পরিচালনা করছিলেন। তিনি জানান, জেএমবির শুরুর দিক থেকে তিনি যুক্ত থাকলেও তেমন সক্রিয় ছিলেন না। তাঁর বড় ছেলে শামীম জেএমবির তথ্যপ্রযুক্তির (আইটি) কাজে যুক্ত ছিলেন। শামীম ২০০৫ সালে ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তিনি সক্রিয় হন। তবে শায়খ আবদুর রহমানের গ্রেপ্তারের পর সাইদুর প্রথম ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নিয়ে সপরিবারে ঢাকায় এসে ওঠেন। নিরাপত্তার কারণে বড় স্ত্রী ও সন্তানেরা এবং দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার ঢাকায় আলাদা বাসায় থাকতেন। সেখানে সাইদুর যেতেন না। তিনি তাঁর ঘনিষ্ঠ দলীয় অনুচরদের বাসায় পালা করে থাকতেন। সর্বশেষ পূর্ব দনিয়ায় আবদুল্লাহ হেল কাফীর বাসায় ওঠার দুই দিনের মাথায় তিনি ধরা পড়েন।