জেএসসি চালু হলেও থাকছে এসএসসি
এসএসসি পরীক্ষা থাকবে কি? জেএসসি পরীক্ষা চালু হওয়ার পর এ প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। শিক্ষা কর্তৃপক্ষ বলছে, এসএসসি পরীক্ষা তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় শিক্ষানীতির খসড়ায় এ প্রসঙ্গটি থাকলেও পরে তা বাদ দেওয়া হয়েছে।জানা যায়, এ বছর প্রথম জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) চালু হওয়ার পর অনেকেই মনে করছেন, এসএসসি পরীক্ষা আর থাকছে না। কিন্তু এমন সিদ্ধান্ত নেয়নি শিক্ষা কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বছর শেষে অষ্টম শ্রেণীতে এমনিতেই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হতো, একটি নবম শ্রেণীতে ওঠার জন্য, অপরটি জুনিয়র বৃত্তি পরীক্ষা। ওই দুটি পরীক্ষার বদলে জেএসসি নামের একটি পরীক্ষা নেওয়া হয়েছে এবং এর লক্ষ্য শিক্ষার্থীদের প্রস্তুত করা এবং সম্মিলিতভাবে তাদের মান যাচাই করা।জানা যায়, চূড়ান্ত জাতীয় শিক্ষানীতিতে এসএসসি পরীক্ষা উঠিয়ে দেওয়ার কথা নেই। তবে ২০০৯ সালের খসড়া শিক্ষানীতিতে এ প্রসঙ্গ উল্লেখ ছিল। চূড়ান্ত পর্যায়ে তা বাদ পড়ার আগে সংবাদমাধ্যমে খসড়া শিক্ষানীতির ভিত্তিতে এসএসসি পরীক্ষা উঠে যাওয়ার খবর প্রকাশ হয়। খসড়ায় বলা ছিল, ‘মাধ্যমিক স্তরের চূড়ান্ত পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বাদশ শ্রেণী শেষে।’এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, খসড়া শিক্ষানীতি থেকে অনেক কিছুই বাদ গেছে। তাই শিক্ষানীতি বিষয়ে কেউ কোনো বক্তব্য দিলে বা মন্তব্য করলে চূড়ান্ত নীতিটি দেখে নেওয়া উচিত।চূড়ান্ত শিক্ষানীতিতে বলা হয়েছে, অষ্টম শ্রেণী শেষে অনুষ্ঠিত হবে পাবলিক পরীক্ষা। আপাতত এই পরীক্ষার নাম হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। উল্লেখ্য, ডিসেম্বরে শিক্ষানীতি অনুমোদিত হয়েছে এবং ২০১০ সালের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয় জেএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।শিক্ষানীতিতে আরও বলা আছে, যেসব শিক্ষার্থী অষ্টম শ্রেণীর শেষে পাবলিক পরীক্ষায় অংশ নেবে না, বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একটি কোর্স শেষে সনদ দেবে এবং শিক্ষার্থীর আন্তপরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের ফলাফল এবং জন্মতারিখ ওই সনদে উল্লেখ থাকবে।এতে আরও বলা হয়েছে, দশম শ্রেণী শেষে জাতীয় ভিত্তিতে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার নাম হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এবং এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। দ্বাদশ শ্রেণী শেষে আরও একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর নাম হবে উচ্চমাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। উভয় পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে এবং পরীক্ষার মূল্যায়ন হবে গ্রেডিং পদ্ধতিতে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে।