জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ আজ
প্রথমবারের মতো অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার বিকেলে প্রকাশ হতে যাচ্ছে। গত নভেম্বরে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীর ১২ লাখ ৩৩ হাজার ৩৯১ জন জেএসসি এবং মাদ্রাসা বোর্ডের অধীনে সমমানের দুই লাখ ৭২ হাজার মাদ্রাসাশিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নেয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানায়, আজ বেলা তিনটায় দেশের সব কটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে একযোগে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র থেকে ফল জানতে পরামর্শ দিয়েছে কমিটি। www.educationboardresults.gov.bd —এই ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে JSC প্রার্থীর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন, JSC Dha 1234 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে JSC-এর স্থলে JDC এবং বোর্ডের নামের ক্ষেত্রে MAD লিখতে হবে। যেমন JDC MAD 1234 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য মুঠোফোনের মাধ্যমে আবেদন করা যাবে। তবে তা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে করতে হবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে RSCবোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি একটি এসএমএসে আবেদন ফি বাবদ কত কাটা হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে আবার মেসেজ অপশনে গিয়ে RSC Yes PIN number Contact number (যেকোনো মোবাইল) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।