জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ পেল ৪৭ হাজার (ভিডিও)
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী। এরমধ্যে শুধু জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৪ হাজার ১৫৮ জন। জেএসসিতে পাসের হার ৮৬ দশমিক ১১ শতাংশ।আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এই দুই পরীক্ষায় সব সূচকেই ভাল ফল হয়েছে। নানামুখী পদক্ষেপের ফলেই ফল ভালো হয়েছে।এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ১০ হাজার ৫০৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৮৮ দশমিক শূন্য ১ শতাংশ এবং ছাত্রী ৮৬ দশমিক শূন্য ২ শতাংশ। সারা দেশে ২২ হাজার ৯৭৬ জন ছাত্র ও ২৩ হাজার ৯৬৬ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইট (www. educationboardresults.gov.bd) এবং টেলিটকের মাধ্যমে জানা যাবে।