জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে
তীব্র শীতের মধ্যেও সকাল থেকে প্রতীক্ষা। কখন ফল জানা যাবে। সকাল গড়িয়ে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যালয়গুলোতে শুরু হয় আনন্দ। তখন ফলাফল আসতে শুরু করেছে। আর সেই সঙ্গে বইছে খুশির জোয়ার। কিছুক্ষণের মধ্যেই এই খুশির জোয়ার ছড়িয়ে পড়ে দেশজুড়ে হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে। গতকাল বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে অষ্টম শ্রেণী শেষ করে নবম শ্রেণীতে ওঠার অনুমতি পেয়েছে দেশের প্রায় ১৩ লাখ শিক্ষার্থী। প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে ৮৬ দশমিক ১১ শতাংশ পাস করেছে। মেধাবীদের মানদণ্ড হিসেবে বিবেচিত জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও সাফল্য এসেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৪৪ হাজার ১৫৮ জন। গতবারের চেয়ে এ সংখ্যা ১৪ হাজার ৩২০ বেশি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের তথ্য তুলে ধরে বলেন, ফলাফলের সব সূচকে অগ্রগতি হয়েছে। এর কারণ বিদ্যালয় ও লেখাপড়ার প্রতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বেশি আগ্রহী হয়ে উঠছেন। এবার তৃতীয়বারের মতো জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। গতবারের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮২ দশমিক ৬৭। এবার পাসের হার বেড়েছে ৩ দশমিক ৪৪ শতাংশ। এবার গড় পাস ৮৬ দশমিক ১১ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ৮৩৮। এবার তা বেড়ে হয়েছে ৪৪ হাজার ১৫৮।দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গতবারের মতো এবারও ঢাকা বোর্ডে শীর্ষে আছে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরার আগে সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন জানান, প্রধানমন্ত্রী মেয়েদের ফল ভালো হওয়ায় খুবই খুশি হয়েছেন। এদিকে দুপুর থেকেই বিদ্যালয়গুলোতে ফল প্রকাশ হতে থাকে। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও একযোগে ফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর—এই আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জেএসসিতে মোট ১৫ লাখ সাত হাজার ৬৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১২ লাখ ৯৮ হাজার ১৮৮ জন।জেএসসিতে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। অর্থাৎ এই দুই সূচকেই ইতিবাচক উন্নতি হয়েছে। এবার সারা দেশের দুই হাজার ৭৯৭টি বিদ্যালয় থেকে সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। গেলবার এমন বিদ্যালয় ছিল এক হাজার ৮২৭টি। এ ধরনের প্রতিষ্ঠান বেড়েছে ৯৭০টি।বিপরীতে ৫৫টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। গত বছর এ ধরনের বিদ্যালয় ছিল ১০৭টি। তবে এত ভালো ফলের মধ্যেও সারা দেশে দুই লাখ নয় হাজার ৪৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। বেশি পরীক্ষার্থী হওয়ায় ছাত্রীদের পাসের সংখ্যা এবার বেশি। তবে গড় হারে এগিয়ে আছে ছাত্ররা। ছাত্রদের পাসের হার ৮৮ দশমিক শূন্য ১ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৮৬ দশমিক শূন্য ৪ শতাংশ। বোর্ডগুলোর চিত্র: গেলবারের মতো এবারও ভালোর দিক দিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ১৭২ জন।খারাপের দিক দিয়েও গতবারের অবস্থান ধরে রেখেছে চট্টগ্রাম বোর্ড, পাসের হার ৭৮ দশমিক ৩৫। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫৩১ জন।ঢাকা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক শূন্য ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৯৫ জন। সব বোর্ডের চেয়ে এই সংখ্যা বেশি। রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫ দশমিক শূন্য ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ২২১ হাজার জন। কুমিল্ল্লা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৬৩ জন। যশোর বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৯৭৮ জন। সিলেট বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৬৪ জন এবং দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৫৩৪ জন।ঢাকা বোর্ডের অধীন বিদেশের সাতটি কেন্দ্রে পাসের হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। এসব কেন্দ্রে ৩৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, অতীতের ফলাফল তুলনা করে দেখা যায়, এবার সব সূচকেই ভালো ফল হয়েছে। এটা আরও বাড়াতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূরসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত ৪ নভেম্বর শুরু হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা।