জেএসসিতে পাসের হার ৭১.৩৪ ও জেডিসিতে ৮১.০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত হয়েছে। জেএসসিতে ৭১ দশমিক ৩৪ আর জেডিসিতে ৮১ দশমিক ০৩ শতাংশ পাস করেছে। পরীক্ষার ফল স্কুলগুলোয় পাঠিয়ে দেওয়া হয়েছে।জেএসসি পরীক্ষায় পাস করেছে আট লাখ ২২ হাজার ২৭৫ জন। মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩৪ হাজার ২৫৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৫২ হাজার ৫৩৬ জন। বাকি ৮১ হাজার ৭২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ৭৫ হাজার ৫৯১ জন। অংশ নেয় দুই লাখ ৪৪ হাজার ৬৩ জন। অনুপস্থিত ছিল ৩২ হাজার ৫২৮ জন। পাস করেছে এক লাখ ৯৭ হাজার ৭৭২ জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বেলা তিনটায় মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।গত মাসে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীর জেএসসি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, দেশের সবকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে ফল জানা যাবে। এ ছাড়া মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র থেকে ফল জানতে পরামর্শ দিয়েছে কমিটি। www.educationboardresults.gov.bd—এই ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে JSC প্রার্থীর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন: JSC Dha ১২৩৪ লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে JSC-এর স্থলে JDC এবং বোর্ডের নামের ক্ষেত্রে MAD লিখতে হবে। যেমন: JDC MAD লিখে ১২৩৪ লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।