জেএসসির ফল উচ্ছ্বসিত হওয়ার মতো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার প্রথম ১০টি শ্রেণীতে তিনটি পাবলিক পরীক্ষার একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)। প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মাঝামাঝি এই পরীক্ষা এবারই প্রথম চালু হয়েছে। কিন্তু পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির বিবেচনায় জেএসসির ফল সন্তোষজনক বলা যায় না।গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে সারা দেশে অষ্টম শ্রেণীতে অকৃতকার্য হয়েছে প্রায় ২৯ শতাংশ শিক্ষার্থী। রাজশাহী, যশোর, বরিশাল ও সিলেট বোর্ডে ফেলের হার ৩৮ থেকে ৪০-এর কাছাকাছি। এদের প্রায় সবাই ফেল করেছে গণিত ও ইংরেজিতে। ঢাকা বোর্ডে গণিতে ফেল করেছে ১৪ শতাংশ, ওই বোর্ডে ইংরেজিতে ফেলের হার ১০ শতাংশ।ঢাকা ছাড়া অন্যান্য বোর্ডেও গণিত ও ইংরেজিতে ফেলের হার বেশি। বিশেষ করে, যেসব বোর্ডে পাসের হার ৬১ বা ৬২, সেখানে গণিত ও ইংরেজিতে ফেলের হার ঢাকা বোর্ডের তুলনায় বেশি। পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে, ৬১ দশমিক ৯৭। ওই বোর্ডে ইংরেজিতে প্রায় ১৯ এবং গণিতে প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।সিলেট বোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেক বলেন, হাওর-বাঁওড় অধ্যুষিত সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ফল খুব খারাপ হওয়ায় এর প্রভাব পড়েছে গোটা বোর্ডের ফলাফলে। তিনি আরও বলেন, এ বছর বোর্ডের ৯০টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছে। এসব বিদ্যালয়ের বেশির ভাগ প্রত্যন্ত অঞ্চলে। আবার অভিজ্ঞতাও কম। চেয়ারম্যান বলেন, প্রত্যন্ত অঞ্চলে এখনো শিক্ষক স্বল্পতা রয়েছে, আবার শিক্ষক থাকলেও গণিত, ইংরেজি ও বিজ্ঞানের দক্ষ শিক্ষকের অভাব প্রকট।সাধারণত শিক্ষার নিচের স্তরে ফল ভালো হয়, ওপরের দিকে ফল খারাপ হতে থাকে। গত ২৮ ডিসেম্বর প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৯২ দশমিক ৩৪ এবং প্রথম বিভাগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল আট লাখ ৫৯ হাজার ১৫৪ জন। আবার এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ১৯ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল ৬২ হাজার ১৩৪ জন। কিন্তু জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র আট হাজার ৫৫৬ শিক্ষার্থী এবং পাসের গড় হার ৭১ দশমিক ৩৪।শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে একজন শিক্ষার্থী দুই বছর ধরে নবম ও দশম শ্রেণীতে পড়ার সুযোগ পায়। প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে প্রস্তুত করার পাশাপাশি তার মেধা যাচাই হয়। আবার নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে ফেল করলেও তাকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয় না। কিন্তু জেএসসি পরীক্ষায় সব শিক্ষার্থী অংশ নিয়েছে। এ পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাছাই হয় না। বিদ্যালয়গুলোতে সাধারণত এসএসসি পরীক্ষার আগে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়, এটাও এই পরীক্ষার ক্ষেত্রে হয়নি।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, জেএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছিল না। যারা সব বিষয়ে এ প্লাস পেয়েছে, তারাই শুধু জিপিএ-৫ পেয়েছে। সে হিসাবে জিপিএ-৫ কম পেয়েছে বলা যাবে না। তিনি আরও বলেন, ফলাফল কিছুটা খারাপ হওয়ার প্রধান কারণ শিক্ষার্থীরা যথেষ্ট সময় পায়নি। তারা প্রথমবারের মতো একটি পাবলিক পরীক্ষার মুখোমুখি হয়েছে। এ জন্য তারা যথেষ্ট প্রস্তুত ছিল না।