একটি ছেলে সকালবেলার পাখি হতে চেয়েছিল। সবার আগে সে জাগতে চায়। তার নাম নজরুল। একটি ছেলে আধমরাদের ঘা দিয়ে জাগাতে চেয়েছিল। তার নাম রবীন্দ্রনাথ। একটি মেয়ে অনেক রাত জেগে পড়ত। একদিন সে অন্য মেয়েদেরও জাগাল। তার নাম রোকেয়া।কথাশিল্পী আনিসুল হক মঞ্চে দাঁড়িয়ে জেগে ওঠার কথা বলছিলেন। সবাইকে জাগার কথাও বলছিলেন। ছেলেমেয়েরা তখন তাঁর আহ্বানে বারবার সাড়া দিচ্ছিল দুই হাত তুলে। আগামী দিনের স্বপ্ন ওরা। নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত।৭ এপ্রিল ভাষা প্রতিযোগের আসর বসেছিল জামালপুরে। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সেদিন ছিল উৎসবমুখর। ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে আমি গিয়েছি। সঙ্গে একই মাইক্রোবাসে বাংলা একাডেমীর উপপরিচালক আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানের দিন দুপুরে গানের শিল্পী পুলককে নিয়ে পৌঁছেছেন কথাসাহিত্যিক আনিসুল হক। এইচএসবিসির কর্মকর্তা ফজলে হাসান আকবরের উপস্থিতিতে আর কোনো অপূর্ণতাই রইল না।সকালবেলা উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশিত হলো। জাতীয় পতাকা আর ভাষা প্রতিযোগিতার পতাকা তোলা হয় এ সময়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেন জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক খান। তিনি বললেন, সবার জন্যই তার মাতৃভাষা গর্বের। এরপর তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশনা দিলেন।৩০ মিনিটের পরীক্ষা। আমরা এটাকে বলি ‘পরীক্ষা পরীক্ষা খেলা’। কিন্তু তার আগে কবুতর ওড়ানো হলো। অনুষ্ঠানে কবুতর ওড়াতে গেলেই বাধে বিপত্তি। সহজে উড়তে চায় না। আজ সবার হাততালিতে বুঝি কপোত দুটি দ্রুতই উড়ে গেল।পরীক্ষা শেষ করে সবাই আবার এসে বসল শামিয়ানার নিচে। এবার প্রশ্নোত্তর পর্ব। মঞ্চে তখন চলে এসেছেন আরও দুজন। সরিষাবাড়ী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবদুল মান্নান আর জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের শিক্ষক স্বরূপ কুমার কাহালী।ছেলেমেয়েদের মধ্যে প্রথমেই জিজ্ঞেস করল একজন, ‘ক্ষ’ ভাঙলে তো পাওয়া যায় ‘ক’ আর ‘ষ’। তবে ‘সমীক্ষা’ উচ্চারণে ‘সমীক্ষা’ হয় না কেন? শিক্ষকেরা বললেন, ‘ক্ষ’র মধ্যে যেসব বর্ণ আছে, উচ্চারণে সেগুলো আসে না। আরও বললেন, উচ্চারণের সঙ্গে লেখার বর্ণকে সব সময় মেলানো যায় না।দ্বিতীয় প্রশ্নকারী বলল, ইংরেজিতে আছে A quick clever fox jumps over the brown lazy dog—এই বাক্যে ইংরেজি সব কটি বর্ণ আছে। বাংলায় কি এমন বাক্য নেই? স্বরূপ কাহালী জবাবে বললেন, ‘টানে কিশে মজা’। শুনে ছেলেমেয়েরা তো থ। কিসের টানে কিসের মজা? ওরা তো মুখস্থকে ‘না’ বলে। মাদককে ‘না’ বলে। তাহলে টান কিসের? এবার ভেঙে বললেন, টা-তে টাঙ্গাইল। নে-তে নেত্রকোনা। কি-তে কিশোরগঞ্জ। শে-তে শেরপুর। ম-তে ময়মনসিংহ। জা-তে জামালপুর। মনে রাখার জন্য ‘টানে কিশে মজা’ হলো সংক্ষিপ্ত পদ্ধতি। ইংরেজিতেও ওই বাক্যে সব আছে। এরপর আমি বললাম, বাংলায় ওই রকম বাক্য নেই। বাংলা বর্ণের সংখ্যা ইংরেজির চেয়ে বেশি। অতএব, এক বাক্যে না হোক, চেষ্টা করে দেখো, অন্তত একটা গল্পে বাংলা সব বর্ণকে আনা যায় কি না।প্রশ্ন আসছিল একটার পর একটা। ১২০০ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে ‘অন্ধকার যুগ’ বলে কেন, ‘অ’-এর সংক্ষিপ্ত রূপ নেই কেন, ব-ফলা চেনার উপায় কী, ন-ণ, আর শ-ষ-স-এর উচ্চারণে পার্থক্য আছে কি না—এ রকম হাজারো প্রশ্ন। একজন বলল, ঙ, ঞ, ণ, ড়, ঢ়—এগুলো দিয়ে শব্দ শুরু হয় না কেন? কেউ বলল, তাং, ইং—এভাবে লেখা ঠিক কি না। কেউ প্রশ্ন করল, বিভক্তিগুলোর নাম ‘প্রথম’, ‘দ্বিতীয়’ না হয়ে ‘প্রথমা’, ‘দ্বিতীয়া’ হলো কেন?প্রশ্ন করছিল ‘টানে কিশে মজা’র ছয়টি জেলার ছোট ছোট শিক্ষার্থীরা। উত্তর দিতে গিয়ে আমিনুর রহমান সুলতানও বারবার শিশু হয়ে যাচ্ছিলেন। শিক্ষার্থীরাও খুব মজা করে তাঁর কথা শুনছিল।প্রশ্নোত্তর পর্বের পর পরিবেশিত হলো একটি ক্ষুদ্র নাটিকা।নাটিকার বিষয়: এসিড-সন্ত্রাস। জামালপুর বন্ধুসভার সদস্যরা এতে অভিনয় করলেন। তাঁদের সংলাপ মাইক্রোফোনের অব্যবস্থাপনায় কিছু বোঝা যাচ্ছিল, কিছু যাচ্ছিল না। দর্শকের সারিতে খুদে শিক্ষার্থীরা তবু খুশি। অভিনেতা-অভিনেত্রীর অঙ্গভঙ্গিতেই ওরা সব বুঝে নিচ্ছিল। একজনের চড়ের শব্দ তো মাইক্রোফোন ছাড়াই শোনা গেল।নাটকের পর গান। যে স্কুলে অনুষ্ঠান হচ্ছিল, ওই স্কুলের ছাত্রী মাহবুবা হক লোকসংগীত পরিবেশন করল। জহিন আক্তার গাইল নজরুলসংগীত ‘আল্গা কর গো খোঁপার বাঁধন্’। ততক্ষণে ছাত্রছাত্রীদের অটোগ্রাফের খাতাও আলগা হতে শুরু করেছে। কারণ, আনিসুল হক পৌঁছে গেছেন উৎসব ক্ষেত্রে। ক্লোজআপ ওয়ান তারকা পুলক একটার পর একটা গান গেয়ে মঞ্চ তখন মাতিয়ে তুলেছে। পুলক মঞ্চ মাতাবে বুঝতে পেরে আমরা আগেই মঞ্চ থেকে নেমে পড়েছিলাম। কিন্তু পুরস্কার বিতরণী পর্বের জন্য আবার মঞ্চে উঠতে হলো সবাইকে।ফলাফল ঘোষণা করলেন অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। এতক্ষণ অনুষ্ঠানটিকে নানা সুতোয় ধরে রেখেছিলেন তিনিই। কিন্তু পুরস্কার বিতরণের পর আর কাউকে ধরে রাখতে পারলেন না। এক বছর পর আবার ভাষা প্রতিযোগের আসর বসবে। এই প্রতীক্ষা নিয়ে সবাই চলে গেল সেদিনের মতো।জামালপুরে বিজয়ী যারাপ্রাথমিক: প্রথম জামালপুর জিলা স্কুলের প্রিয়জিৎ ধর, দ্বিতীয় দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের শাহ্ মুহতাসিম ফুয়াদ ও তৃতীয় ময়মনসিংহ জিলা স্কুলের শাহ্ ইফতেখার আলম চৌধুরী। বিশেষ পুরস্কার: আরমিন সুলতানা, তাবাস্সুম মাইশা, রাইসুল ইসলাম, মাশহুরা ইসলাম, আবু বকর সিদ্দিক, ইফফাত সরওয়ার, মো. রাসেল মাহমুদ, ময়না আক্তার, জান্নাতুল মাওয়া ও মাহমুদুল হাসান।নিম্নমাধ্যমিক: প্রথম ময়মনসিংহ জিলা স্কুলের আদীপ হাসান, দ্বিতীয় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাদিয়া তাবাস্সুম ও তৃতীয় জামালপুর জিলা স্কুলের সাকিবুল ইসলাম। বিশেষ পুরস্কার: রানা পারভেজ, জান্নাতুল ফেরদৌস, নাসিবা বিনতে কাশেম, ফারদিন এহসান, আবদুল্লাহ আল আবিদ, মো. সানজিদ আনোয়ার, আনিকা তাবাস্সুম, ফাহিমুল ইসলাম, রওশন তাবাস্সুম ও শেখ শাহরিয়ার সায়েম।মাধ্যমিক: প্রথম ময়মনসিংহ জিলা স্কুলের তাহমিদ আহমদ, দ্বিতীয় ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাদিয়া তাবাস্সুম ও তৃতীয় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাদিয়া ইসলাম। বিশেষ পুরস্কার: সিরাতুল জান্নাত, ইফতিজা হক উসমানী, সাদিয়া সাদ, দীপ্ত সাহা, আবদুল্লাহ আল আবিদ, সাবিহা তাসনিম, তানভীরুল ইসলাম, স্নিগ্ধা দে, সাকিব আহম্মেদ ও ছোঁয়া দত্ত চৌধুরী।উচ্চমাধ্যমিক: প্রথম আনন্দমোহন কলেজ, ময়মনসিংহের আহসাদ নাফিস খান, দ্বিতীয় সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের মো. হোসেন আলী ও তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহের মুনতারিন হাসনাৎ। বিশেষ পুরস্কার: রাফিদ বিন আহসান, মো. তানজিল সিরাজ, নাফিস ইরতিজা, নুসরাত জামান, রেবেকা ইয়াসমিন, মো. গোলাম মোক্তাদির, মোসলিমা খাতুন, সাহিদুল ইসলাম ও শায়লা ইসলাম।জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়১৮৮২ সালে প্রাথমিক স্কুল হিসেবে যাত্রা শুরু করে, ক্রমে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিভাগ চালু হয়। ১৯৬৯ সালে বিদ্যালয়টি সরকারি করা হয়। প্রভাতী ও দিবা দুই শাখা চালু হয় ১৯৯১ সালে। এখন শিক্ষার্থী প্রায় ২১০০, শিক্ষক-শিক্ষিকা ৫২ জন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় বরাবর ভালো করে আসছে।সেরাদের সেরাআদীপ হাসানঅষ্টম শ্রেণী, ময়মনসিংহ জিলা স্কুল