জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৬ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আজ বৃহস্পতিবার থেকে লিটারে ছয় টাকা করে বাড়ছে। তেল আমদানি ও বিপণনকারী সরকারি সংস্থা ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাব অনুযায়ী, দাম বাড়ার এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানা যায়। বিপিসি গতকাল এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েলের দাম পড়বে প্রতি লিটার ৮৫ টাকা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পড়বে ৮৪ টাকা। আগে ছিল যথাক্রমে ৭৯ ও ৭৮ টাকা।বিপিসি সর্বশেষ গত বছরের ১১ এপ্রিল জেট ফুয়েলের দাম লিটারে তিন টাকা করে বাড়িয়েছিল। বিপিসির নির্ধারিত দর অনুযায়ী, চট্টগ্রামের তুলনায় ঢাকার বিমানবন্দরে জেট ফুয়েলের দাম লিটারে এক টাকা বেশি থাকে।দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করে বিপিসির চেয়ারম্যান মো. মোক্তাদির আলী প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে প্রতিমাসেই মূল্য সমন্বয় করা হয়। কম দামে আমদানি সম্ভব হলে আবারও স্থানীয় বাজারে দাম কমবে।উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনস কোম্পানির কর্মকর্তারা। তাঁরা বলেন, দেশে জেট ফুয়েলের দাম বাড়লে সেটা ভাড়া বৃদ্ধির মাধ্যমে পরোক্ষভাবে যাত্রীদের কাঁধে চাপিয়ে দেওয়া ছাড়া বিকল্প কিছু নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে। ফলে বিদেশি অনেক কোম্পানি তাদের এভিয়েশন ফুয়েল সারচার্জ প্রত্যাহার করে নিচ্ছে। এই অবস্থায় দেশের অভ্যন্তরীণ বাজারে জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।এ প্রসঙ্গে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মনিরুল ইসলাম বলেন, ‘জেট ফুয়েলের দাম বাড়লে নিশ্চিতভাবে আমাদের ভাড়া বাড়িয়ে দিতে হবে। জ্বালানি তেলের বাড়তি খরচের জন্য আমরা তো লোকসান গুনতে পারব না।’বিপিসির সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রামের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি-বিদেশি উড়োজাহাজে প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৪ লাখ লিটার জেট ফুয়েল বিক্রি হয়। নতুন মূল্যবৃদ্ধি কার্যকর হলে প্রতিদিন বিপিসির মুনাফা বাড়বে ৭৫ থেকে ৮০ লাখ টাকা। একমাত্র জেট ফুয়েল ছাড়া অন্য সব ধরনের জ্বালানি তেল বিপিসি আমদানি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে লোকসান দিচ্ছে বলে জানা যায়।প্রসঙ্গত, ৫ মে থেকে ডিজেল, পেট্রল, অকটেন ও ডিজেলের দাম লিটারে দুই টাকা করে বাড়ানো হয়। আগের মাসে (এপ্রিলে) বাড়ানো হয় ফার্নেস অয়েলের দাম।