জেটি থাকতেও ঝুঁকিপূর্ণ সাঁকোয় পার হতে হচ্ছে পর্যটকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ সেন্ট মার্টিনে যাতায়াতের সুবিধার্থে টেকনাফের স্থলবন্দরে উন্নত টার্মিনাল ও জেটি নির্মাণ করা হলেও তা চালু না হওয়ায় ঝুঁকিপূর্ণভাবে বাঁশ ও কাঠের সাঁকোতে পারাপার চলছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে বন্দরসংলগ্ন অবৈধ ব্যক্তিমালিকানাধীন ঝুঁকিপূর্ণ জেটি উচ্ছেদ করার জন্য বারবার নির্দেশ দিলেও তা কার্যকর হচ্ছে না। নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সেন্ট মার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজগুলোকে এ স্থলবন্দরের জেটি ব্যবহারের অনুমতি দিয়েছে। কিন্তু জেলা প্রশাসন অবৈধ জেটি উচ্ছেদের কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর টেকনাফের কায়ুুকখালিয়া খাল দিয়ে সীমান্ত-বাণিজ্য চালু হয়। পরে ২০০৩ সালে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলিতে নির্মিত হয় এ স্থলবন্দর। কয়েক বছর পর স্থলবন্দরটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। বন্দর চালু হওয়ার পর থেকে এ জেটি দিয়ে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলো যাতায়াত শুরু করে। ২০০৮ সালে বন্দরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে জেটি, গ্যাংওয়ে, রেলিং ও পন্টুন স্থাপন করা হয়। কিন্তু সবই অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর লেখা এক চিঠিতে জেলা প্রশাসনকে টেকনাফ স্থলবন্দর এলাকায় বেসরকারিভাবে নির্মিত অবৈধ জেটি উচ্ছেদ করার তাগিদ দেয়। এতে বলা হয়, অবৈধভাবে নির্মিত জেটিগুলোতে আদায়কৃত অর্থ বেআইনিভাবে ব্যক্তি মালিকানায় সংগৃহীত হচ্ছে।অবৈধ জেটির মালিক মো. দিদার হোসেন বাদী হয়ে টেকনাফের সহকারী জজ আদালতে উচ্ছেদের বিরুদ্ধে আবেদন করেন, যা আদালত ২০০৯ সালের ২৫ আগস্ট খারিজ করে দেয়। সে বছরেরই ১৮ অক্টোবর স্থলবন্দর কর্তৃপক্ষ অবৈধ জেটি উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনকে আবারও অনুরোধ করে।টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়া কর্তৃপক্ষকে টেকনাফ স্থলবন্দরের জেটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। কেয়ারি সিন্দাবাদের ম্যানেজার ইনচার্জ এস এম আবু নোমান ও এলসিটি কুতুবদিয়ার ব্যবস্থাপক আবদুর রহমান রাসেল জেলা প্রশাসকের কাছ থেকে স্থলবন্দর ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। বন্দরের বেসরকারি পরিচালক ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেড প্রায় তিন কোটি টাকা ব্যয়ে টার্মিনাল, জেটি, ক্যান্টিন, মসজিদ ও পার্কিং-ব্যবস্থা নির্মাণ করলেও কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়াসহ ছয়টি পর্যটকবাহী জাহাজের যাত্রীদের কাঠ ও বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এভাবে জাহাজে উঠতে গিয়ে ২০০৭ সালে টাঙ্গাইল বাস মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান মিয়া (৫৫) সাঁকো থেকে পড়ে মারা যান। ২০০৮ সালে সাঁকো ভেঙে নদীতে পড়ে আহত হন ঢাকার মিরপুর ও ফরিদপুর থেকে যাওয়া শিশুসহ চার পর্যটক।অতিরিক্ত টোলের অভিযোগ: বেড়ানোর স্থান হিসেবে সেন্ট মার্টিনের জনপ্রিয়তা ক্রমশ বেড়ে যাওয়ায় পর্যটকদের কাছ থেকে অতি উচ্চ হারে টোল আদায়ের অভিযোগ রয়েছে। পর্যটকবাহী জাহাজ ছাড়াও এ রুটে মালামাল পরিবহন করে ৫০টির বেশি ট্রলার। চলতি পর্যটন মৌসুমে প্রতিদিন জাহাজে পাঁচ থেকে সাত হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করছেন। যাত্রী পারাপারে সেন্ট মার্টিন জেটিঘাটে টোল দিতে হয়। ২০০৯ সালে এ সময় সেন্ট মার্টিন জেটি থেকে জনপ্রতি ১০ টাকা হারে টোল আদায় করা হতো। ২০১০-১১ সালে প্রত্যেক যাত্রীর কাছ থেকে জাহাজের টিকিটের সঙ্গে ৮০ টাকার টোল আদায় করা হচ্ছে। কক্সবাজার জেলা পরিষদ এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় ইজারাদারের ইচ্ছামতো টোল আদায়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জেলা পরিষদকে বারবার অবহিত করা হলেও কোনো ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছে না বল্রে ভুক্তভোগীদের অভিযোগ।এদিকে টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো. আনোয়ার মাসুম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দেশের কাস্টমস আইন অনুযায়ী শুল্ক বন্দরের নির্ধারিত সীমানা দিয়ে পর্যটক আসা-যাওয়া সাংঘর্ষিক।বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের (অপারেশন) কর্মকর্তা খালিদ হোসেন প্রথম আলোকে এ বিষয়ে বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর দীর্ঘদিন ধরে এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করে আসছিল। কিন্তু প্রভাবশালী মহল হঠাৎ করে বন্দরসংলগ্ন এলাকায় অবৈধ জেটি নির্মাণ করে সেখানে জাহাজ ভেড়াতে থাকে। স্থানীয় জেলা প্রশাসন জাহাজ কোম্পানিগুলোকে বন্দরের জেটি ব্যবহারের অনুমতি দিলেও এ অবৈধ জেটি উচ্ছেদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বন্দর কর্মকর্তা খালিদ হোসেন আরও বলেন, এই স্থলবন্দর দিয়ে পর্যটক যাতায়াত চালু হলে পর্যটন খাত থেকে পাওয়া আয়ের শতকরা ২৮ দশমিক ০৯ অংশ বন্দর কর্তৃপক্ষ ও ১৫ শতাংশ সরকার ভ্যাট হিসাবে পাবে। এতে প্রতি মাসে সরকারের পক্ষে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বন্দরসংলগ্ন অবৈধ জেটি উচ্ছেদ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এডিসি প্রথম আলোকে জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্ধারিত একটি বৈঠকের পর শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।