জেদ ছাড়তে হবে—প্রধানমন্ত্রীকে মওদুদ
সংঘাত, সংঘর্ষ এড়াতে চাইলে এখনই সমঝোতায় আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেছেন, রাজনীতিতে জেদের কোনো স্থান নেই। গণতন্ত্র মানে আপস,সমঝোতা।জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নগরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করে।আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে—প্রধানমন্ত্রীর এই অনড় অবস্থান প্রসঙ্গে মওদুদ বলেন, এটা জেদের কথা। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে জেদ ছাড়তে 52 হবে। কারণ আপনি রাজনীতিবিদ। রাজনীতিবিদের কন্যা।’আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে—এই একটা শর্তে বিএনপি আলোচনায় প্রস্তুত জানিয়ে মওদুদ আহমদ বলেন, দলীয় সরকারের অধীনে কখনো অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না। এ ধরনের কোনো রূপরেখা সরকারের মনে থাকলে বিএনপি আলোচনায় যাবে না। তিনি আবারও বলেছেন, প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেন আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে, তাহলেই বিএনপি আলোচনায় যাবে। মওদুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রস্তাব দেওয়ার কোনো সুযোগ বিএনপির নেই। সরকার ওই ব্যবস্থা বাতিল করেছে। তাই সরকারকেই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। বিএনপি সহযোগিতা করবে। মওদুদ আহমদ অভিযোগ করেন, এখন দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হুমকির মুখে। তিনি বলেন, সরকার গণতন্ত্রের এই স্তম্ভগুলো দুর্বল করে দিচ্ছে। গণতন্ত্র রক্ষা আজ দেশের সবচেয়ে বড় সংকট।অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ বক্তব্য দেন।