জেদ্দায় ওআইসির মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার জেদ্দায় ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানগ্লুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।বেগম জিয়া ও একমেলেদ্দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা প্রধানত ওআইসি ও মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।ওআইসির প্রধান কার্যালয়ে স্থানীয় সময় বেলা একটা ৫৫ মিনিটে খালেদা জিয়া ও একমেলেদ্দিনের মধ্যে আলোচনা শুরু হয়। তাঁদের মধ্যে প্রায় ৪০ মিনিট আলোচনা হয়। এর মধ্যে ২০ মিনিট তাঁরা একান্ত আলোচনা করেন। একমেলেদ্দিন ২০০৪ সাল থেকে ওআইসির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।আলোচনার পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, একমেলেদ্দিনের নেতৃত্বে ওআইসির কার্যকর ভূমিকার জন্য বেগম জিয়া সন্তুষ্টি প্রকাশ করেছেন। মুসলিম উম্মাহর পারস্পরিক শক্তি ও সহযোগিতা বৃদ্ধিতে ওআইসিকে বিশেষ প্রচেষ্টার নেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে ওআইসিকে শক্তিশালী করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান এবং মুসলিম উম্মাহর ঐক্যের অংশ হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রশংসা করেন ওআইসির মহাসচিব।আলোচনায় সাংবাদিকদের বলা হয়, একমেলেদ্দিনের আগ্রহের কারণেই আজকের সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। বুধবার বেগম জিয়া মদিনা থেকে বিশেষ ফ্লাইটে জেদ্দা পৌঁছেন। গুরুত্বপূর্ণ আলোচনা শেষে তিনি আজ আবার মদিনা ফিরবেন।আলোচনায় একমেলেদ্দিনের সঙ্গে ছিলেন ওআইসির সহকারী মহাসচিব (রাজনৈতিক) রাষ্ট্রদূত আবদুল আলিম ও পরিচালক (রাজনৈতিক-বিষয়ক) রাষ্ট্রদূত আবুল হাসানি। আর বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ছিলেন প্রেস সচিব মারুফ কামাল খান ও বিশেষ সহযোগী শিমুল বিশ্বাস।