জেনারেল মানেকশ একাত্তরের যুদ্ধনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৮ ডিসেম্বর দিনটি মিত্রবাহিনীর জন্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট করে বললে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী ভারতীয় সেনাবাহিনীর জেনারেলদের জন্য স্বস্তির। ওই দিন ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম হরমুজজি প্রেমজি জামশেদজি মানেকশ কার্যত ভারতীয় বাহিনীকে ঢাকা অভিযানের অনুমতি দেন।স্বাধীনতার জন্য সর্বস্ব বাজি রেখে যুদ্ধরত বাংলাদেশ তত দিনে ভারতীয় সেনাবাহিনীর কাছে পূর্ব রণাঙ্গন। দিশেহারা পাকিস্তান ৩ ডিসেম্বর বিকেলে ভারতের পশ্চিম অংশে বিমান আক্রমণ করে বসেছিল। ফলে মুক্তিবাহিনীকে সহায়তাকারী ভারতীয় সেনাবাহিনী সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারতীয়দের হিসাবে, মাত্র ১৩ দিনের সার্বিক যুদ্ধে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী।যুদ্ধ শুরু হলে চীন হস্তক্ষেপ করতে পারে—এই বিবেচনা থেকে ১৬৭ ও ৫ মাউন্টেন ব্রিগেডকে চীন সীমান্তে রাখার পক্ষে ছিলেন জেনারেল মানেকশ। ৮ ডিসেম্বর মানেকশ ওই ব্রিগেডগুলোকে পূর্ব পাকিস্তানে ব্যবহারের অনুমতি দেন। এতে যুদ্ধ নতুন গতি পায়।বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি রাষ্ট্রীয় সমর্থনকে সামরিকভাবে কার্যকর করে ভারতীয় সেনাবাহিনী। ফলে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পর ইতিহাসের আলো গিয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সেনা কর্মকর্তা স্বাধীন ভারতের অষ্টম সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশর ওপর। চার দশকের সামরিক জীবনে পাঁচটি যুদ্ধ করেছেন তিনি। একাত্তরের শেষ যুদ্ধে বাংলাদেশের সঙ্গে বিজয়ী হন মানেকশও।১৯৭১ সালে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান (চিফ অব স্টাফ) জেনারেল জে এফ আর জ্যাকব তাঁর সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ে কিছু সমালোচনা করলেও মানেকশ সম্পর্কে লিখেছেন: ভারতের সবচেয়ে বড় সামরিক বিজয়ের সময় জেনারেল স্যাম মানেকশ ছিলেন সেনাবাহিনীর প্রধান। ১৯৬২ সালের পরাজয় এবং তারপর ১৯৬৫ সালের অমীমাংসিত যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনীর সম্মান তিনি পুনরুদ্ধার করেছেন। সব সময় তিনি সেনাবাহিনীর স্বার্থে কাজ করেছেন। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি। কখনো কোনো আমলাতান্ত্রিক হস্তক্ষেপ সহ্য করেননি।এর প্রমাণ অবশ্য পাওয়া যায় ভারতের নৌবাহিনী সদর দপ্তরের ১৯৯৬ সালের এক নথিতে। তাতে মানেকশর দেওয়া একটি সাক্ষাৎকার ছিল এমন:এপ্রিল মাসের কোনো এক দিন মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপ্রধানকে বললেন, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় প্রচুর শরণার্থী আসছে। আপনারা কী করছেন?মানেকশ: আমার কী করার আছে?—আপনার বাহিনী নিয়ে এগিয়ে যান।—মানে, যুদ্ধ?—তা-ই যদি হয় হোক।—আমি যুদ্ধের জন্য প্রস্তুত নই। এখন এপ্রিলের শেষ। ১৫-২০ দিন পরই শুরু হবে বর্ষা। এ সময় পূর্ব পাকিস্তানের নদীগুলো সমুদ্রের মতো হয়ে যায়। এ রকম পরিস্থিতিতে আমরা রাস্তায় আটকা পড়ে যাব। পাকিস্তানিরা তখন আমাদের মাটিতে মিশিয়ে দেবে। দ্বিতীয়ত, ভারতে এখন ফসল কাটার সময়। সৈন্য পরিবহনের জন্য প্রতিটি ট্রাক, রাস্তা, রেলপথ আমার দরকার হবে। ফলে শস্য পরিবহন সম্ভব হবে না। এতে ভারতে দুর্ভিক্ষ শুরু হলে সবাই দোষ দেবে আমাকে। আমি তা ঘাড়ে নিতে চাই না। আর্মার্ড ডিভিশন আমার মূল শক্তি। কিন্তু তাদের কাজ চালানোর মতো মাত্র ১২টি ট্যাংক আছে। এর পরও আপনি যদি আমাকে এগিয়ে যেতে বলেন, তাহলে আমি আপনাকে ১০০ ভাগ পরাজয়ের নিশ্চয়তা দিচ্ছি। আদেশ করুন।বৈঠক মুলতবি করে ইন্দিরা গান্ধী স্যাম মানেকশকে বসতে বললেন। মন্ত্রীরা চলে গেলে মানেকশ বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলার আগে জিজ্ঞেস করি, আপনি কি চান আমি মানসিক বা শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করি?প্রধানমন্ত্রী বললেন, ওহ্ স্যাম, আপনি বসুন।জেনারেল মানেকশ বললেন, এই কাজ (যুদ্ধ) অবশ্যই আমার সময় অনুযায়ী হতে হবে। যুদ্ধে একজন মাত্র কমান্ডার থাকবে। আমার একজন মাত্র রাজনৈতিক অধিকর্তা থাকবে। তাঁর নির্দেশ অনুযায়ী আমি কাজ করব, অন্য কারও নয়।—ঠিক আছে, স্যাম। আপনি অধিনায়ক, কেউ আপনার কাজে হস্তক্ষেপ করবে না।—ধন্যবাদ। আমি আপনাকে সাফল্যের নিশ্চয়তা দিচ্ছি।সব রাজনৈতিক প্রক্রিয়া ও পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এ রকম একটি যুদ্ধ পরিচালনার জন্য যে ব্যক্তিত্বের প্রয়োজন, তার পুরোটাই ছিল মানেকশর মধ্যে। একাত্তরের যুদ্ধে সেনাবাহিনীর প্রধান ও সব বাহিনীপ্রধানদের চেয়ারম্যান হিসেবে যুদ্ধাভিযানের সামগ্রিক দায়দায়িত্ব ছিল তাঁর কাঁধে।৭ ডিসেম্বর জেনারেল মানেকশ কলকাতায় ৮ থিয়েটার রোডে বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের দপ্তরে যান। সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রণাঙ্গন সংবাদদাতা মুসা সাদিক তাঁর একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়েছিলেন। তাতে মানেকশ মুক্তিবাহিনীর ভূয়সী প্রশংসা করেন।মানেকশ বলেছিলেন: দেখো, এই যুদ্ধ সম্পর্কে বিশ্ববাসী জানে। আমরাও জানি, এটা বাংলাদেশের যুদ্ধ। রণক্ষেত্রের অগ্রভাগে সাত-আট মাস ধরে তোমাদের হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে এবং তাদের জীবন উৎসর্গ করছে। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা প্রতিরোধে তোমাদের পিতা-মাতারা তাদের সন্তানদের মুক্তিযোদ্ধা বানিয়ে রণাঙ্গনে পাঠাচ্ছে। এটাকে তোমাদের জনগণ এখন জনযুদ্ধে রূপান্তর করেছে। একটা দেশের গোটা জনগোষ্ঠী তাদের রুখে দাঁড়িয়েছে বলে এ যুদ্ধ বেশি দিন চলতে পারবে না।রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের দেখেছেন কি না—জানতে চাইলে মানেকশ বলেছিলেন, না, এখনো দেখিনি। কিন্তু আমাদের ইস্টার্ন সেক্টরের যেসব জেনারেল রণাঙ্গনে তাদের ক্ষিপ্রগতির আক্রমণ দেখেছে, তাদের রিপোর্ট পাচ্ছি। শত্রুর ওপর তাদের ভয়ভীতিহীন আক্রমণ দেখে তারা (জেনারেলরা) বিস্মিত। আমার জেনারেলরা আমাকে বলেছে, বীর বাঙালিরা জন্মভূমির জন্য রণাঙ্গনে জান কোরবানিদানের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সৃষ্টিকর্তা বলতে পারেন, কীভাবে তোমাদের কিশোর, তরুণ, যুবক মুক্তিযোদ্ধারা জীবনের মায়া এমন তুচ্ছ করে হাসিমুখে দেশের পায়ে নিজেদের বলি দিতে পারে। তিনি বলেন, দ্বিধাহীন চিত্তে আমার এই অনুভূতি প্রকাশ করা কর্তব্য যে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমান মৃত্যুঞ্জয়ী মন্ত্র জানেন। তাঁর নিখাদ মন্ত্রে এমন মৃত্যুঞ্জয়ী জাতি জন্ম নিয়েছে যে, এখন তারা মন্ত্রমুগ্ধের মতো শুধু মৃত্যুকে আলিঙ্গন করতে চায়। বাংলাদেশের বীর মুক্তিবাহিনীর জন্য অভিবাদন। তাদের সামনে শুধু বিজয় অপেক্ষা করছে। ঈশ্বরের আশীর্বাদে ধন্য হোক বাংলাদেশ।ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে মানেকশ কমিশন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় সিতাং সেতু দখলের লড়াইয়ে তিনি আহত হন। সাহসিকতা ও বীরত্বের জন্য তিনি মিলিটারি ক্রস লাভ করেন। ১৯৭৩ সালে তাঁকে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত করা হয়। ২০০৮ সালের ২৭ জুন তিনি মারা যান।