জেনারেল হারুনের জামিনের বিরুদ্ধে আবেদন দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করা হয়। পরে দুদকের কৌঁসুলী খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদনটি করা হয়েছে। এতে হাইকোর্টের আদেশ বাতিলেরও আরজি রয়েছে। কাল সোমবার চেম্বার বিচারপতির আদালতে আবেদনটি শুনানির জন্য দাখিল করা হবে।গত বৃহস্পতিবার হারুন-অর-রশিদ দুদকের দায়ের করা অবৈধভাবে অর্থ হস্তান্তরের দুই মামলায় শর্ত সাপেক্ষে দুই মাসের জামিন পান। তাঁর স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে চিকিত্সকের প্রতিবেদন এবং তাঁর সামাজিক অবস্থান বিবেচনায় নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চ জামিনের জন্য যেসব শর্ত দিয়েছেন, তার মধ্যে রয়েছে—জামিনে থাকার সময় হারুন তদন্তকাজে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবেন না; আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা যখন ডাকবেন, তখনই তাঁকে সহায়তা করতে হবে।শর্তে আরও বলা হয়েছে, তদন্ত চলার সময় হারুন-অর-রশিদ ডেসটিনির কোনো কর্মকর্তা-কর্মচারী বা মামলার অন্য কোনো আসামির সঙ্গে ফোনে বা সরাসরি যোগাযোগ করতে পারবেন না। ডেসটিনি বা আটক ব্যক্তিদের পক্ষে কোনো বিবৃতি দিতে বা তদবির করতে পারবেন না। ডেসটিনির কার্যালয়ে যেতে পারবেন না। এসব শর্ত ভঙ্গ করলে নিম্ন আদালত তাঁর জামিন বাতিল করতে পারবেন।