জেনে নিন অফিসের আদবকেতা
পড়ালেখার পাট শেষ। শুরু হলো চাকরিজীবনের পালা। প্রবেশ ঘটে শৃঙ্খলাময় এক জীবনে। কর্মজীবনের শুরুতে অনেকেই জানেন না কর্মক্ষেত্রের আচার-ব্যবহার, নিয়ম-কানুন। অভিজ্ঞতাসম্পন্ন অনেকের আবার চাকরি বদলের সঙ্গে সঙ্গে আচার-আচরণে পরিবর্তন আসে। তখনো নানা সমস্যা দেখা দেয়। কর্মজীবনের শুরুতে বা মাঝে নতুন কর্মক্ষেত্রে আপনার আচার-আচরণ, কথাবার্তার ওপর নির্ভর করবে পদোন্নতি। বিশেষ করে একজন নতুন চাকরিজীবীর ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে সঠিক ও সুন্দরভাবে উপস্থাপনই পারে পেশাজীবনে নতুন মাত্রা যোগ করতে। ‘একজন নতুন চাকরিজীবীর জন্য চাকরিতে যোগদানের পর প্রথমে তাঁর অফিস এবং সেখানে নিজের করণীয় সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেতে হবে। বেশির ভাগ করপোরেট প্রতিষ্ঠান কাজে যোগদানের পর তাদের নতুন কর্মীদের জন্য ওরিয়েন্টেশন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। দুই থেকে তিন দিনের এই প্রশিক্ষণের মাধ্যমে কাজের লক্ষ্য ও উদ্দেশ্য এবং অন্য অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে পরিষ্কার হয়ে যায়। একই সঙ্গে প্রতিষ্ঠান তার কাছে কী ধরনের সেবা আশা করে, সেটিও তাদের জানিয়ে দেয়। যদিও আজকাল বেশির ভাগ নতুন চাকরিজীবী তার কাজের ধরন সম্পর্কে বিস্তারিত জেনেই কর্মস্থলে যোগদান করেন। প্রতিষ্ঠানের মৌলিক নিয়ম-কানুন সম্পর্কে ধারণাটাও জন্মায় সেখানে।’ বললেন ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান তাহিনয়্যাত আহমেদ করিম। নতুন কর্মস্থল অথবা প্রতিষ্ঠানে যোগদানের জন্য একটু আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। অফিসে প্রথম দিনে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যে রিপোর্ট করতে হবে, তা আগেই তৈরি করে রাখাটা ভালো। এতে নিজের ওপর চাপ যেমন কিছুটা কমবে তেমনি আত্মবিশ্বাসও বাড়বে, যা একজন নতুন চাকরিজীবীর জন্য অত্যন্ত জরুরি।কর্মস্থলে প্রথম অবস্থায় নিজেকেই উদ্যোগী হতে হবে বেশি করে। প্রতিষ্ঠানের অনেক বিষয় আছে, যা হয়তো আপনার জানা নেই কিংবা আপনি হয়তো বুঝতে পারছেন না কী করবেন। এসব ক্ষেত্রে বসে না থেকে সহকর্মীদের সাহায্য নিন। তাদের দিকে নিজে থেকেই বন্ধুত্বের হাতটি প্রশস্ত করতে হবে। এতে নিজেদের মধ্যে বোঝাপড়া যেমন ভালো হয়, তেমনি গড়ে ওঠে একটি সুন্দর সম্পর্ক, যা কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন বলেন, ‘অফিসে সবাইকে সমান দৃষ্টিতে দেখুন এবং সবার সঙ্গে সমানভাবে মিশুন। আপনার চেয়ে শিক্ষাগত যোগ্যতায় কেউ কম হলেই যে আপনি তাকে ছোট করে দেখবেন, তার কোনো অবকাশ নেই। কেননা কর্মক্ষেত্রে অভিজ্ঞতার বিচারে তিনি আপনার চেয়ে অনেক বেশি যোগ্য হতে পারেন। নিজে অনেক জানেন বা পারেন এ রকম কোনো মনোভাব পোষণ না করাই ভালো। আপনার সহকর্মী তো বটেই, আপনার অধীনে কিংবা আপনি যাদের অধীনে কাজ করেন, তাদের সঙ্গে যোগাযোগ বাড়ান। অফিসের নিয়মের বাইরেও মাঝেমধ্যে কাজের অবসরে অনানুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে গল্প করতে পারেন বা চা খেতে যেতে পারেন। এতে নিজেকে দ্রুত তাদের মতো করে তৈরি করে নিতে পারবেন। সব সময় মনে রাখবেন, কর্মক্ষম ও দক্ষ হিসেবে আপনার প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দিয়েছে। যত বেশি দক্ষতা দেখাবেন তত প্রিয়ভাজন হয়ে উঠবেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। প্রতিদিনই যাতে নিজের পারফরমেন্স ভালো এবং উন্নত হয় তার চেষ্টা করা উচিত। ফলে একটি নির্দিষ্ট সময়ের পর গিয়ে দেখা যাবে, আপনি আপনার সহকর্মীদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন।’অফিসে প্রতিদিনই নির্দিষ্ট সময়ের আগে আসা এবং নির্দিষ্ট সময়ের কিছু পরে বেরিয়ে যাওয়াটাও অনেক সময় কাজে লাগে, যদি কোনো নতুন চাকরিজীবী প্রোবেশন পিরিয়ডে থাকেন। এতে করে তাঁর চাকরি স্থায়ী হওয়ার সুযোগ অনেকখানি বেড়ে যায়। তবে বেশি বেশি কাজ করার কোনো বিকল্প নেই। আপনার প্রতিষ্ঠানকে আপনি যে সেবা দেবেন, তার জন্য একটি নির্দিষ্ট সময় পর আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে নিজের প্রাপ্য আদায় করুন। আপনি যদি নিজের কাজের প্রতি সর্যা ও দায়িত্বশীল থাকেন, তবে আপনি হবেন তাদের প্রথম পছন্দ। ‘অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মী অথবা আপনার অধীন কর্মকর্তারাই নন, আপনার প্রতিষ্ঠানের যেকোনো নিম্নপদের কর্মীর সঙ্গে অমায়িক ব্যবহার করুন। সবার কাজে সহযোগিতা করুন। ছোট-বড় ভেদাভেদ না করে এভাবে ভাবুন, আপনি যেমন ওই প্রতিষ্ঠানে কর্মরত অন্যরাও একইভাবে কর্মরত। এতে করে মানবিক মূল্যবোধের ব্যাপারগুলো অনেক পরিষ্কার হয়ে যায়, যা আপনার পেশাজীবনের উন্নয়নের জন্য খুবই দরকার।’ বলেন এসিআই লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর।শুধু আচার-ব্যবহারই নয়, পোশাক-পরিচ্ছদও অনেক সময় আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে। অফিসে ফরমাল পোশাক পরে যাওয়াটাই ভালো। অনেক প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট পোশাকের কথা চাকরিতে যোগদানের সময়ই বলে দেয়। ফলে অফিসে কোন পোশাক পরতে হবে, সেই সমস্যা আর থাকে না। অফিসে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন। অন্যকে শ্রদ্ধা করুন, দেখবেন, তারাও আপনাকে শ্রদ্ধা করবে।কৃতজ্ঞতা: কম্পিউটার সোর্স লি.