জেমসের মামলায় সাউন্ডটেকের মালিক গ্রেপ্তার
রাজধানীর বংশাল থানায় নগর বাউল ব্যান্ডের প্রধান জেমসের করা মামলায় অডিও কোম্পানি সাউন্ডটেকের মালিক সুলতান মাহমুদ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরের শহীদবাগের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, ১৯৯৭ সালে সাউন্ডটেক থেকে প্রকাশিত ‘দুখিনী দুঃখ করো না’ অ্যালবামের মালিকানা স্বত্বের জটিলতা নিয়ে বংশাল থানায় মামলা করেন জেমস। মামলার প্রধান আসামি হলেন সাউন্ডটেকের মালিক সুলতান মাহমুদ। মামলার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহীদবাগের বাসা থেকে সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।জেমস বলেন, ‘সুলতান মাহমুদ আমার সই জালিয়াতি করে কপিরাইট কার্যালয়ে ‘দুখিনী দুঃখ করো না’ অ্যালবামের কপিরাইট রেজিস্ট্রেশন করার অপচেষ্টা করেন। কিন্তু মেধাস্বত্ব আইনে উত্তরাধিকারী ছাড়া মেধাস্বত্ব স্থানান্তরযোগ্য নয়। বিষয়টি কপিরাইট অফিসের রেজিস্ট্রার মনজুরুর রহমান জানতে পেরে আমাকে অবহিত করেন। এর পরই প্রমাণ হয়ে যায়, সুলতান মাহমুদ আমার সই জালিয়াতি করেছেন। এর পরিপ্রেক্ষিতে বংশাল থানায় সুলতান মাহমুদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের মামলা করি।’এদিকে যোগাযোগ করা হলে সুলতান মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর আদালত থেকে আমি জামিনে মুক্ত হয়েছি। তবে জেমস সই জালিয়াতির যে অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন। বরং জেমসই চুক্তি অনুযায়ী আমার সঙ্গে প্রতারণা করেছেন। এ বিষয়ে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে।’