জেরায় প্রশ্ন নিয়ে দুই পক্ষের আইনজীবীদের বাদানুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলার তৃতীয় সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনীমকে আসামিপক্ষের আইন-জীবীদের জেরা করা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার জেরায় করা প্রশ্ন নিয়ে আসামিপক্ষের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বাদানুবাদ হয়েছে।বকশীবাজারে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল সকাল পৌনে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। বেলা পৌনে দুইটার দিকে মহানগর দায়রা জজ জহুরুল হক মামলার কার্যক্রম ১২ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন। সেদিনও তাসনীমকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।আসামিপক্ষের পাঁচজন আইনজীবী গতকাল দ্বিতীয় দিনের মতো তৎকালীন বিডিআরের সিগন্যাল সেক্টরের অধিনায়ক তাসনীমকে জেরা করেন। আসামিপক্ষের একজন আইনজীবী তাঁকে প্রশ্ন করেন, ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর-বিএসএফের যৌথ মহড়া হওয়ার কথা ছিল। কেন বিএসএফ আসেনি, তা কি জানতেন? তিনি জবাব দেওয়ার আগেই এ প্রশ্নের বিষয়ে আপত্তি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলসহ অন্য আইনজীবীরা।এ সময় বিচারক বলেন, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে এ আদালতে প্রশ্ন করা যাবে না। গতকাল বেশির ভাগ প্রশ্নই ছিল এমন। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়েছে, কখনো উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।পরিস্থিতি সামাল দিতে বিচারক বলেন, ‘১২ শ সাক্ষী, সাড়ে আট শ আসামি। অনেক বড় মোকদ্দমা এটি। গোটা দুনিয়ার মানুষ এর বিচার-প্রক্রিয়া প্রত্যক্ষ করছেন। এখানে জেরা করা যেন ফ্যাশন না হয়।’পরে ওই প্রশ্নের জবাবে আবু তাসনীম বলেন, তিনি বিষয়টি জানেন না। তা ছাড়া গোপনীয়তা রক্ষা আইন অনুযায়ী তিনি এমন প্রশ্নের জবাব দিতে বাধ্য নন।এরপর মেজর গাযালীর হত্যা নিয়ে একজন আইনজীবী সাক্ষীকে বেশ কিছু প্রশ্ন করেন। একজন আইনজীবী বলেন, নায়েব সুবেদার ফজলুল করিম ও হাবিলদার আনিসুজ্জামান জীবন বাজি রেখে এ সাক্ষীর জীবন বাঁচিয়েছেন। কিন্তু তিনি এখন ওই সব লোকের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। জবাবে সাক্ষী বলেন, বিষয়টি সত্য নয়।সিগন্যাল সেক্টরের কমান্ডার হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেননি—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, সত্য নয়। একজন আইনজীবী আদালতকে বলেন, গত ধার্য তারিখে সাক্ষীকে জেরা করতে গিয়ে তিনি যে তিনটি পরামর্শ দিয়েছিলেন, সেগুলো নথিবদ্ধ হয়নি। জবাবে আদালত তাঁকে জানান, সাক্ষী জানতে চাইলে কেবল বিষয়টি তিনি জানাবেন।গত ২৪ আগস্ট এ মামলার সাক্ষ্য ও জেরা করা শুরু হয়। প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা। দ্বিতীয় সাক্ষ্য দেন নিউমার্কেট থানার তৎকালীন ওসি কামাল উদ্দিন। তৃতীয় সাক্ষী তাসনীমের সাক্ষ্যদান শেষে তাঁকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। তাঁকে জেরা করা শেষ হলে তৎকালীন ৪৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী সাক্ষ্য দেবেন।