কিছু সৈনিক যখন মেজর জায়েদী আহসান হাবিবকে মারছিল তখন সুবেদার নুরুল ইসলাম বাঁচাতে এগিয়ে আসেন। সৈনিকেরা নুরুল ইসলামের পেটেও মশারির সুচালো রড ঢুকিয়ে দিলে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। পরে কোনো এক সময় সৈনিকেরা ওই সুবেদারকে হত্যা করেন। তবে একজন সৈনিকের জেরার জবাবে মেজর জায়েদী স্বীকার করেছেন, তিনি (সৈনিক) জায়েদীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি, বরং তাঁকে বিভিন্ন সহায়তা দিয়েছেন।গতকাল সোমবার পিলখানা দরবার হলে বিশেষ আদালতে-৫-এ ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ৬৬৬ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম আদালতে সভাপতিত্ব করেন। সাক্ষীকে জেরা করেন আসামিরা। এরপর আদালত ৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়।গতকাল মামলার বাদী ও প্রথম সাক্ষী সুবেদার মতিউর রহমানকে জেরা করেন ২৭ জন। এই ২৭ জনসহ ৩৩ জনকে নিজে শনাক্ত করেছিলেন মতিউর রহমান। এদের মধ্যে ছয়জন গত দুই দিনে তাঁকে জেরা করেছেন। মুলতবির পর সাক্ষ্য দেন মেজর জায়েদী আহসান হাবিব। সুবেদার গোফরান মল্লিক, সেপাই বরুণ খান ও রমজান আলীকে শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। এই তিন আসামি জায়েদীকে বিভিন্ন প্রশ্ন করেন।আদালতে মেজর জায়েদী জানান, তিনি বিদ্রোহের দ্বিতীয় দিনে মুক্তি পান। বিদ্রোহের দুই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি আদালতে কান্নায় ভেঙে পড়েন। আদালত তাঁকে আবেগ সংবরণ করার পরামর্শ দেন।মেজর জায়েদী জানান, ২৫ ফেব্রুয়ারি তাঁকে প্রথমে গোফরান মল্লিকের বাসায় এবং ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কোয়ার্টার গার্ডে নিয়ে আটকে রাখা হয়। দরবার হলে বিশৃঙ্খলা শুরুর পর এলোপাতাড়ি গুলি দেয়ালে লেগে ছিটকে এলে কিছু ধাতব স্প্লিন্টার তাঁর শরীরের বিভিন্ন জায়গায় লাগে। দুজন সৈনিক তাঁকে অস্ত্রের মুখে দরবার হলের বাইর নিয়ে আসেন। একজন সৈনিক তাঁকে মশারি টানানোর লোহার রড দিয়ে মারধর করেন। সেপাই রমজান আলী তাঁর পকেটে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। একপর্যায়ে সঙ্গে থাকা সুবেদার মেজর নুরুল ইসলাম তাঁকে (জায়েদীকে) রক্ষা করতে গেলে সৈনিকেরা নুরুল ইসলামের পেটে মশারির সুচালো রড ঢুকিয়ে দেন।জায়েদী জানান, এরপর দুজন সৈনিক তাঁকে গোফরান মল্লিকের বাসায় নিয়ে যান। সেখানে সেপাই বরুণ মল্লিক বেসামরিক পোশাকে ছিলেন। বরুণকে তিনি গোফরানের ছেলে বলে ভেবেছিলেন। পরে বরুণ তাঁকে একটি কক্ষে নিয়ে তালা মেরে দেন। গোফরান এসে নিজের পরিবারকে ওই বাসা থেকে নিয়ে গেলেও তাঁকে রেখে যান। তিনি (জায়েদী) কথা বলার চেষ্টা করলেও গোফরান তাঁর সঙ্গে কোনো কথা বলেননি। গোফরান বরুণকে পাহারা দিতে বলে যান।মেজরকে জেরা: আদালতে গোফরান দাবি করেন তিনি জায়েদীকে বলেছিলেন, ‘আমার বাসায় এসেছেন, নিশ্চিন্তে থাকেন।’ তবে মেজর জায়েদীর দাবি, গোফরান মিথ্যা বলছেন। গোফরান তাঁর বাসাটিকে একটি ছোট কারাগারে পরিণত করেছিলেন। তাঁকে আটকে রেখেছিলেন। পরে সেখান থেকে তাঁকে পিকআপের পেছনে বসিয়ে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়।গোফরান দাবি করেন, জায়েদীকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মেজর জায়েদী প্রশ্ন করেন, যদি তা-ই হয়, তাহলে তাঁকে পিকআপের পেছনে বসিয়ে গোফরান পিকআপের ভেতরে বসলেন কেন? নিয়ম অনুযায়ী ভেতরে কর্মকর্তার বসার কথা। জবাবে গোফরান বলেন, তখন তো ‘ওরা’ পিকআপের নিয়ন্ত্রণ নিয়েছিল।জায়েদী অভিযোগ করেন, বরুণ একজন বিদ্রোহী। এ কারণে তিনি তাঁকে তালা মেরে আটকে রেখেছিলেন। বরুণের দাবি, তিনি জায়েদীকে নিরাপদ আশ্রয়ে রেখেছেন এবং জায়েদীর যথাসাধ্য সেবা করেছিলেন। একপর্যায়ে সেপাই বরুণ জায়েদীকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে কি গ্লুকোজ-চিনির শরবত পান করানো হয়েছিল? আপনার পাশে কি সব সময় কিছু খাবার ও পানি হাজির রাখা হয়নি? আমার মোবাইল ফোন কি ব্যবহারের জন্য আপনাকে দেওয়া হয়নি?’মেজর জায়েদী হ্যাঁ-সূচক উত্তর দেন। কিন্তু অভিযোগ করেন, বরুণ তাঁকে আটকে রেখেছিলেন এবং কোয়ার্টার গার্ডে নিয়ে গেছেন। সেপাই বরুণ মেজর জায়েদীকে প্রশ্ন করেন, ‘যখন আপনাকে আটকে রাখা হয়েছিল তখন নিচ থেকে কি কোনো মাইকিং শুনতে পেয়েছিলেন যে ‘কারও বাসায় যদি কোনো কর্মকর্তাকে পাওয়া যায় তবে তাকে খুন করা হবে?’ তবে এই প্রশ্নটিকে ‘লিডিং প্রশ্ন (যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত)’ আখ্যা দিয়ে আদালত তা বাতিল করে দেন।আরেক প্রশ্নের জবাবে মেজর জায়েদী আদালতকে জানান, সেপাই বরুণ তাঁর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি, এমনকি বরুণের মোবাইল ফোনে জায়েদীর স্বজনেরা যখন ফোন করেছেন তাঁদের সঙ্গেও সদ্ব্যবহার করেছেন বরুণ।তবুও বরুণকে তিনি কেন বিদ্রোহী বলছেন—এর জবাবে মেজর জায়েদীর যুক্তি ছিল, বরুণ তাঁকে একটি ঘরে তালা মেরে আটকে রেখেছেন। পরে একটি পিকআপে করে যখন তাঁকে (জায়েদী) কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয় তখন বরুণ তাঁর পাশে বসে ছিলেন। এরপর গোফরানের বাসায় যেসব সৈনিক আসা-যাওয়া করেছিলেন তাঁদের কারোরই নাম বলেননি বরুণ।একপর্যায়ে মেজর জায়েদী বলেন, ‘আমি বরুণকে বলেছিলাম, যদি আর্মি আসে তাহলে আমি তোমাকে বাঁচাব। আর যদি উচ্ছৃঙ্খল সৈনিকেরা আসে, তবে তুমি দেখো। কিন্তু বরুণ তা করেনি।’ জায়েদী দাবি করেন, তাঁকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ব্যবহার করেছেন গোফরান। তিনি বলেন, এ আদালতে শুধু বিদ্রোহের বিচার হচ্ছে বিধায় তিনি অনেক কথা এখানে বলেননি। প্রচলিত আইনে খুনসহ অন্যান্য অপরাধের বিচার হবে। তখন সেখানে অনেককিছু বলার রয়েছে। তখন বরুণকে বিদ্রোহী বলার কারণ স্পষ্ট হবে বলে তিনি জানান।তবে বরুণের দাবি, তিনি ছুটিতে ছিলেন এবং গোফরানের ছেলেকে অঙ্ক করাতে ওই বাসায় গিয়েছিলেন। সেপাই রমজান আলীর প্রশ্ন ছিল, মেজর জায়েদী তাঁকে চিনলেন কী করে? মেজরের উত্তর, ‘আমি গ্রাউন্ড সোলজার। ১৮ বছর ধরে আপনাদের চরিয়ে আসছি। আমি চিনতে পারব না!’ রমজানের বিরুদ্ধে পকেট থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন মেজর জায়েদী।প্রশ্নের পুনরাবৃত্তি: আদালতের বারবার নিষেধ সত্ত্বেও আসামিরা একই প্রশ্ন বারবার করে গেছেন। আদালত অনেক প্রশ্নকে অবান্তর বলে এড়িয়ে গেছেন। কিছু ক্ষেত্রে আদালত আসামিকে সতর্ক করেছেন, কিছু ক্ষেত্রে আসামিকে বসিয়ে দেওয়া হয়েছে।সুবেদার মতিউরকে প্রশ্নকারী ২৭ আসামির বেশির ভাগেরই প্রশ্ন ছিল, তিনি কোথায়, কখন, কী অবস্থায়, কত দূর থেকে তাদের দেখেছেন? কতজনের মধ্যে দেখেছেন? আগে থেকে তাদের মধ্যে চেনাজানা ছিল কি না? না থাকলে এতজনের মধ্যে শনাক্ত করলেন কী করে? কয়েকজন একই বিষয় বারবার জানতে চাওয়ায় আদালত বিরক্ত হন। একপর্যায়ে কয়েকজন আসামিকে ধমক দেন আদালত। কয়েকজনকে সতর্ক করে দেওয়া হয়। আদালত তাঁদের বুদ্ধি খাটিয়ে ভালো প্রশ্ন করার পরামর্শ দেন।সুবেদার মতিউরের জবাব ছিল, তিনি কয়েকজনকে দরবার হলে বিশৃঙ্খলা শুরুর পর পশ্চিম ফটক দিয়ে বের হতে দেখেছেন। কয়েকজনকে নিজের সরকারি তিনতলা বাসার জানালা দিয়ে দেখেছেন। আর কয়েকজনকে দেখেছেন দরবার হল থেকে ইউনিট হয়ে বাসায় যাওয়ার পথে।সুবেদার মতিউর যে আসামিদের জানালা দিয়ে দেখেছেন বলে দাবি করেছিলেন, তাদের সবারই প্রশ্ন ছিল একই, ‘কত দূর থেকে দেখেছেন?’ সেপাই মোস্তাফিজুর রহমানের প্রশ্ন ছিল, ‘আপনি যখন আমাকে দেখলেন তখন আপনার আর আমার মাঝে দূরত্ব কত ছিল?’ আদালতপ্রধান ক্ষুব্ধ স্বরে বলেন, ‘তিনি আপনাকে দেখেছেন, এটাই তো যথেষ্ট। তখন তো কেউ গজ-ফিতা দিয়ে দূরত্ব মাপতে পারেনি। দূরত্ব নিয়ে পাগল হওয়ার তো কিছু নাই।’তর্ক-ধমক: শুনানির সময় কয়েকজন আসামি আদালতের সঙ্গে তর্কে জড়ান। এদের একজন সেপাই নূরে আলম অভিযোগ করেন, প্রসিকিউটর তো সাক্ষীর কানে কানে সব বলে দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আদালতপ্রধান বলেন, সাক্ষী তো আর কোরআনে হাফেজ না যে ৬৬৭ জনের সব তথ্য মনে রাখবেন।নূরে আলম জানতে চান, সাক্ষী অন্যান্য সংস্থার তদন্তের সাক্ষ্যে তাঁর (আসামির) নাম বলেছেন কি না। সাক্ষী এ প্রশ্নটিকে অবান্তর বললে আদালত তাঁকে সমর্থন দেন। এ সময় আসামি নূরে আলম বলেন, ‘এ প্রশ্নের জবাব জানার অধিকার আমার আছে।’ তখন আদালত রুলিং দিয়ে বলেন, ‘আপনার এর জবাব জানার অধিকার নেই।’ তবুও মানতে চাইছিলেন না আসামি। কীভাবে এত লোকের মাঝে সাক্ষী তাঁকে শনাক্ত করলেন, নূরে আলম দ্বিতীয়বারের মতো একই প্রশ্ন করেন। আদালতের জবাব ছিল, ‘তিনি (সাক্ষী) চার চশমা লাগিয়ে দেখেছেন, না দুরবিন লাগিয়ে দেখেছেন—সেটা আদালতের ব্যাপার, আদালত বুঝবে।’কয়েকজন আসামি প্রসঙ্গের বাইরে প্রশ্ন করলে আদালত তাঁদের ভালো প্রশ্ন করার পরামর্শ দেন। সেপাই ইমদাদুল হক প্রশ্ন করেন, ‘আপনি যখন আমাকে দেখেছিলেন তখন আপনার মাথা সামনের দিকে, না পেছনের দিকে ঘোরানো ছিল?’ ইমদাদুলের আরেক প্রশ্ন ছিল, ‘আপনি যখন আমাকে দেখেন তখন আপনার মুখ নিচের দিকে ছিল, না সমান্তরাল ছিল?’ ইমদাদুল আরও প্রশ্নের জন্য সময় চাইছিলেন।ইমদাদুলসহ আরও কয়েকজনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আদালতপ্রধান বলেন, ‘বোকার মতো প্রশ্ন করবেন না। আপনারা নিজের ফাঁদে নিজেরাই পা দিচ্ছেন। কতজন ছিল, কত দূরে ছিল ইত্যাদি প্রশ্ন করে আসামিরা পক্ষান্তরে স্বীকারই করে নিচ্ছেন যে তারা ঘটনাস্থলে ছিলেন। যত জনই সেখানে থাকুক, যত দূর থেকেই তাঁকে দেখা হোক—এসব প্রশ্ন করা মানে, আপনি সেখানেই ছিলেন। আপনারা মাথা খাটিয়ে ভালো প্রশ্ন করুন। কাঠগড়া থেকে এ সময় আসামিদের জোরালো গুঞ্জন শোনা যায়। শুনানি শেষে বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ বলেন, ৬৬৬ জন আসামিই প্রথম সাক্ষী সুবেদার মতিউরকে জেরা করেছেন। গত রোববার ১৫০ জন, সোমবার ২৭ জন সরাসরি প্রশ্ন করেন। আর বাকিদের একটি সাধারণ প্রশ্ন ছিল, সাক্ষী মতিউর রহমান তাঁদের স্বচক্ষে দেখেছেন কি না? মতিউরের জবাব ছিল, ‘না।’ এটা আসামিদের জানিয়ে দেওয়া হয়েছে। বাকি আসামিদের তাঁর কাছে আর অন্য কোনো প্রশ্ন ছিল না। এ প্রক্রিয়ায় ধরে নেওয়া হচ্ছে ৬৬৬ জনই সাক্ষীকে প্রশ্ন করেছেন।