রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিলে বেসরকারি গৃহায়ণশিল্পের উদ্যোক্তাদের জেল-জরিমানার বিধানের বিরোধিতা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ— রিহ্যাব। জাতীয় সংসদে ২২ সেপ্টেম্বর বিলটি পাস হয়েছে।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়, জেল-জরিমানার বিষয় বাদ দিয়ে কম-বেশি অর্থদণ্ডের বিধান রাখা উচিত। এ ছাড়া দেশের প্রচলিত আইনেই শাস্তির বিধান রয়েছে।জেল-জরিমানা হওয়ার মতো অপরাধ না করলে বিধানটি বহাল রাখায় সমস্যা কোথায়—সাংবাদিকদের এমন প্রশ্নে রিহ্যাবের নেতারা বলেন, দু-একজন অপরাধ বা প্রতারণা করতে পারেন, তার জন্য সব আবাসন কোম্পানির মালিক বা প্রতিনিধির জেল-জরিমানার বিধান রাখা ঠিক নয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা শাহেদা ইসলাম বলেন, আদম ব্যবসায় অনেক প্রতারণার ঘটনা ঘটলেও আদম ব্যাপারিদের জন্য আলাদা কোনো আইন করা হয়নি। দেশের অন্য কোনো ব্যবসায়িক খাতেও আলাদাভাবে শাস্তি প্রদানের বিধান নেই। শুধু একটি খাতকে চিহ্নিত করে আলাদা আইন পাস করা হয়েছে। এই ব্যবসায় নিয়োজিত উদ্যোক্তাদের সমাজে হেয়প্রতিপন্ন করা কারও কাম্য হওয়া উচিত নয়।সংবাদ সম্মেলনে বলা হয়, রিহ্যাব তার সদস্যদের অনুসরণ ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে আচরণবিধি বা ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়ন করেছে। রিহ্যাব কোনো অন্যায়, প্রতারণা ও অসাধুতা সমর্থন করে না।আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারও শাস্তি হয়েছে কি না—এমন প্রশ্ন করলে রিহ্যাবের নেতারা জানান, গত দুই বছরে ৪৭৫টি অভিযোগ জমা পড়ে, তার মধ্যে ১৭৫টির মতো নিষ্পত্তি করা হয়েছে। ১২টি কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বেসরকারি আবাসন কোম্পানির বিরুদ্ধে নানা অনিয়মের কথা বলা হলেও সরকারি প্রতিষ্ঠানের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ—রাজউকের পূর্বাচল ও ঝিলমিল প্রকল্প আট-দশ বছর ধরে সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে, প্লট দিতে পারছে না—এটা কেউ দেখে না।রিহ্যাব রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ সমর্থন করে কি না—এ প্রশ্ন করা হলে রিহ্যাবের নেতা বলেন, আজকের সংবাদ সম্মেলন এ-বিষয়ক নয়।সংবাদ সম্মেলনে রিহ্যাবের সহসভাপতি রহিম খান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, নির্বাহী সদস্য আমিনুর রহমান খান, জাহিদ হোসেন, আহমেদ রিয়াদ, কাস্টমার সার্ভিস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. মহসীন মিয়া প্রমুখ বক্তব্য দেন।