জেল হত্যা মামলার সারসংক্ষেপ প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় আপিল শুনানির জন্য সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে। আপিলের এ সারসংক্ষেপ আজ বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুল হক।শিগগিরই এ আপিলের শুনানির দিন নির্ধারণের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন আনিসুল হক।আপিলের সারসংক্ষেপের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘৪ নভেম্বর সুপ্রিম কোর্ট খুলবে। শুনানির দিন ধার্য করতে যত শিগগির সম্ভব আবেদন করা হবে। এ মামলায় একজনকে দোষী সাব্যস্ত করে অন্যদের খালাস দেওয়া হয়েছে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’ ২৫ পৃষ্ঠার সারসংক্ষেপ প্রস্তুত করার পর নিজ চেম্বারে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘গত বছরের ১১ জানুয়ারি আপিল বিভাগ ৩০ দিনের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে বলেছিলেন। সময়টা আমরা বাড়িয়েছিলাম। কারণ, ৬৪ জন সাক্ষী রয়েছেন। সারসংক্ষেপের জন্য সাক্ষীদের বক্তব্য পড়া দরকার ছিল। আপিলের সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আপিলের সারসংক্ষেপ সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার মধ্য দিয়ে শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হবে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। পরদিন তত্কালীন উপকারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর পর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অপর আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। পৃথক পাঁচটি লিভ টু আপিল করা হয়। ২০১০ সালের ৪ নভেম্বর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন শুনানির দিন নির্ধারণের জন্য আরজি জানায়। জেল হত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন—সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।পরে হাইকোর্টের রায়ে অব্যাহতি পাওয়া দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে গত বছরের ১১ জানুয়ারি অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দিন আদালত আপিলের সারসংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) ৩০ দিনের মধ্যে জমা দিতে বলেছিলেন। এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘আসামি দুজন জীবিত, তবে তাঁরা পলাতক। তাঁরা কোথায় আছেন—আমি নিশ্চিত নই। তাঁরা আত্মসমর্পণ করেননি।’হাইকোর্টের রায় প্রসঙ্গে আনিসুল হক বলেন, হাইকোর্টের রায় বিকৃত, পক্ষপাতদুষ্ট। সাক্ষ্যপ্রমাণের বাইরে গিয়ে রায় দেওয়া হয়েছে। সাক্ষ্যপ্রমাণের ওপর নির্ভর করে হাইকোর্টের শুনানি হয়। যেসব সাক্ষ্য রয়েছে, এর ভিত্তিতে আসামিদের খালাসের সুযোগ নেই। তিনি জানান, হাইকোর্টের রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রাখার আরজি জানানো হয়েছে।