জেল হত্যার দায়ে ২৩ ব্রাজিলীয় পুলিশের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের সাও পাওলোর কারাবন্দীদের দাঙ্গা বন্ধে পুলিশের নির্বিচার গুলি ও হত্যার ঘটনায় একটি আদালত আজ রোববার ২৩ জন পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে। বিবিসি জানায়, ১৯৯২ সালের ওই কুখ্যাত দাঙ্গা ও হত্যার দায়ে কর্মকর্তাদের প্রত্যেককে ১৫৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। শহরের কারানদিরু কারাগারে ১৩ জন বন্দীকে হত্যার দায়ে এ কর্মকর্তাদের সাজা দেওয়া হলো। ওই দাঙ্গায় মোট ১১১ জন বন্দী নিহত হন। কৌঁশুলিরা আদালতকে বলেন, অধিকাংশ বন্দীকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। আসামী পক্ষের আইনজীবীরা বলেন, তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আদালত অভিযুক্তদের তিনজনকে বেকসুর খালাস দেন।২৩ কর্মকর্তার অধিকাংশই এখন অবসরপ্রাপ্ত। প্রাথমিক অভিযোগে বলা হয়েছিল, এসব কর্মকর্তা ১৫ জনের মৃত্যুর জন্য সরাসরি দায়ী। তবে তদন্তকারী দল পরে জানায়, এদের মধ্যে দুজন সম্ভবত বন্দীদের সাথে দাঙ্গায় মারা গেছেন। এ মামলায় আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কাজ চলছে। সামনের কয়েক মাসের মধ্যে এটি করা হবে।কারানদিরু কারাগারে পুলিশি অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন কর্মকর্তা উবিরান্ত গুইমারেস। ২০০১ সালে তাঁকে অতি বল প্রয়োগের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, তবে ২০০৬ সালে তাঁকে মুক্তি দেওয়া হয়।১৯৯২ সালের ২ অক্টোবরে দুজন বন্দীর মধ্যেকার বাগবিতণ্ডা দ্রুত সব বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়ে। বিভিন্ন উপদলের বিভক্ত বন্দিরা পরস্পরের সাথে দাঙ্গায় লিপ্ত হয়। সে সময় লাতিন আমেরিকার সবচেয়ে বড় এ কারাগারটিতে বন্দীসংখ্যা ছিল ১০ হাজার।বন্দীরা জানায়, পুলিশ বর্বরভাবে দাঙ্গা নিয়ন্ত্রণ করে। সাবেক বন্দী জেসি দে ওলিভেরিয়া বিবিসিকে বলেন, ‘আমরা বুঝিনি যে ওরা এভাবে ভেতরে চলে এসে লাগাতার হত্যা চালাবে। কারণ সবাই ওই দাঙ্গায় যোগ দেয়নি। পুলিশেরা সবার দিকে গুলি ছুড়তে শুরু করে। আমি ছিলাম ছয় তলায়। পুলিশের চোখের দিকে তাকালেই গুলি করা হচ্ছিল।’ আসামীপক্ষের আইনজীবী ইদা রিবেইরো দে সুজা বলেন, পুলিশ কর্মকর্তারা কেবল তাঁদের দায়িত্ব পালন করেছিলেন এবং আত্মরক্ষার্থে ওই কাজ করেন। কারণ অনেক বন্দীদের কাছেই অস্ত্র ছিল।ব্রাজিলের ইতিহাসে কারাবন্দীদের দাঙ্গা খুব বিরল নয়। তবে কারানদিরু কারাগারের ওই হত্যাকাণ্ডের বিচারে আদালতের ঢিমেতালে চলা অনেককে বিস্মিত করেছে। ২০০২ সালে সাও পাওলোর ২৭টি কারাগারে একসাথে বন্দীরা বিদ্রোহ শুরুর পর কারানদিরু কারাগার বন্ধ করে দেওয়া হয়।