বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জরুরি অবস্থার সময়ে জেলখানায় আমাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল, একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। ময়লা দুর্গন্ধময় একটি বাড়িতে আমাকে রাখা হয়েছিল। দেওয়া হয়েছিল ইঁদুরে কাটা তোশক।প্রধানমন্ত্রী বলেন, বেগম জিয়াকে কিন্তু স্পিকারের জন্য নবনির্মিত বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে কাজের লোক থাকতে দেওয়া হতো। লন্ড্রি থেকে কাপড় ধোয়ার ব্যবস্থা ছিল। খাবারদাবার বাসা থেকে আসত। তিনি বলেন, ‘মাইনাস টু নয়, তাদের ফর্মুলা ছিল মাইনাস ওয়ান। টার্গেট ছিলাম আমি। আমার মুক্তির দাবিতে ১৫ দিনে ২৫ লাখ স্বাক্ষর জোগাড় করা হয়েছিল। এর পরই তত্কালীন সরকার আমাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করে।’প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। বিরোধী দলের সদস্যরা এ সময় সংসদে উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ছিলেন না। ধন্যবাদ প্রস্তাবের ওপর বিরোধীদলীয় নেত্রীর ভাষণ দেওয়ার রেওয়াজ রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের এক বছরে বাংলাদেশ সন্ত্রাসী ও জঙ্গি দেশের দুর্নাম ঘুচিয়েছে। বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ হিসেবে সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে। রাষ্ট্রপতিকে তাঁর ভাষণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তিনি বর্তমান সরকারের গত এক বছরের কর্মকাণ্ড ও ভবিষ্যত্ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এক বছরে যত কাজ করা সম্ভব, মনে হয় তার চেয়ে বেশি কাজই আমরা করেছি।’ তিনি বর্তমান সরকারের বিভিন্ন খাতওয়ারি উন্নয়নকাজের একটি চিত্রও তুলে ধরেন। শেখ হাসিনা সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পাঁচ মিনিট পর্যন্ত বক্তব্য দেন। তাঁর বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান।প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট সরকার শুধু টাকাই চিনেছিল। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কামিয়ে তারা ২০০৭ সালে নীলনকশার নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল। নির্বাচনে বিএনপির কারচুপির অপচেষ্টা থেকেই ওয়ান-ইলেভেনের সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, একটি দেশের প্রধানমন্ত্রী যদি কালো টাকা সাদা করেন, তখন তো আর দুর্নীতি নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে না।প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রেপ্তার অবস্থায় আমি যখনই কোর্টে এসেছি, তখন কিন্তু বিএনপির নেতাদের স্ত্রী-সন্তানদের গ্রেপ্তারের প্রতিবাদ করেছি। এ জন্যই হয়তো নির্যাতন বেশি হয়েছে।’ তিনি বলেন, ষড়যন্ত্র করেই বিএনপি সরকার সেনাবাহিনীর নয়জন কর্মকর্তাকে ডিঙিয়ে জেনারেল মইনকে সেনাপ্রধান করে, যাতে তিনি চুরি করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিতে পারেন।শেখ হাসিনা বলেন, ‘জরুরি অবস্থার সময় বিরোধীদলীয় নেত্রীকে যখন বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়, তখন আমি প্রতিবাদ করেছি। বলেছি, অন্যায় করলে দেশেই তার বিচার হবে। কিন্তু বিএনপির কোনো নেতা তখন এর প্রতিবাদ করেননি।’ তিনি বলেন, ‘এবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই চালের দাম কমেছিল। বিএনপি ক্ষমতায় এলে চালের দাম ৭০-৮০ টাকা হতো। বর্তমান সরকারের আমলে সবার বেতন-ভাতা বাড়ানো হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে সারের দাম দুই দফা কমানো হয়েছে। কৃষককে সরাসরি ভর্তুকি দেওয়ার জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুত্সংকটে মানুষের জীবন দুর্বিষহ, এ কথা ঠিক। কিন্তু আমরা করবটা কী? ১৯৯৬ সালে সরকার গঠনের পর বিভিন্নভাবে আমরা চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করে গেছি। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে একটু বিদ্যুত্ও উত্পাদন করেনি। শুধু খাম্বা লাগিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে।’ তিনি বলেন, বিভিন্নভাবে এক বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন বাড়ানো হয়েছে। শিগগিরই আরও ৮০০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হবে।বিডিআরে হত্যাকাণ্ড সম্পর্কে শেখ হাসিনা বলেন, এ দুর্ভাগ্যজনক ঘটনার পর অনেকে খুশিতে লাফাচ্ছিল। তারা ভেবেছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ে যাচ্ছে। এখন প্রশ্ন, তাহলে এ ঘটনার পেছনে কারা ছিলেন? তিনি বলেন, ওই ঘটনার দিন ভোরে বিরোধীদলীয় নেত্রী বাড়ি ছেড়ে কোথায় তিন দিনের জন্য নিরুদ্দেশ হয়েছিলেন। বিরোধী দলের নেত্রীর কী আকাঙ্ক্ষা ছিল, কী করতে চেয়েছিলেন সেদিন। বিডিআরের ঘটনার সময় সব দলের লোক ঘটনাস্থলে গেলেও সেদিন বিএনপি-জামায়াতের কেউ যাননি কেন?প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর রক্ত নিয়ে কারা হোলি খেলে, তা সবাই জানে। জিয়াউর রহমানকে সেনা হত্যাকারী আখ্যায়িত করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এক রাতে এক আদেশে বিমানবাহিনীর ৫৬২ জনকে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, ‘১৯৯২ সাল থেকে দেখছি, ১৫ আগস্ট বিরোধীদলীয় নেত্রী তাঁর জন্মদিন পালন করছেন। কী ধরনের বিকৃত রুচি থাকলে সেজেগুজে বিরাট কেক এনে এমন মিথ্যা জন্মদিন পালন করতে পারেন। খুনিদের উত্সাহিত করতেই হয়তো তিনি এটা করেছিলেন। কোনো ডকুমেন্টেই তো খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট লেখা নেই। জিয়াউর রহমানের সঙ্গে করা তাঁর পাসপোর্টে তো জন্মদিন ছিল সেপ্টেম্বরে। একজন মানুষ কয়বার জন্মাতে পারে?’পঞ্চম সংশোধানী বাতিলের রায় সম্পর্কে শেখ হাসিনা বলেন, বিএনপি আদালতের রায় মানবে কেন? কারণ, তারাই তো বিচারপতির দরজায় লাথি মেরেছিল। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো বিতর্ক নেই। কারণ, স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার তাঁরই আছে, জনগণের ম্যান্ডেট যাঁর আছে। এ অধিকার একমাত্র বঙ্গবন্ধুর হাতেই ছিল। নির্বাচনে জনগণ তাঁকে সেই অধিকার দিয়েছিল।প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার সম-উন্নয়নে বিশ্বাস করে। এ জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমান ১৫ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ডের বাজেট দেওয়া হয়েছে। বিরোধী দলের নেত্রীর পাঠানো প্রকল্পের তালিকা দেখিয়ে তিনি বলেন, ‘এভাবেই আমরা সম-উন্নয়নে কাজ করছি।’