জেলখানায় একুশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলন শুধু বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পূর্ব আছে এবং পর আছে। এদিক থেকে কিছু কিছু কথা আমার মনে পড়ে—মনকে নাড়া দেয়। ১৯৪৭ সাল থেকেই আমার ব্যক্তিজীবনের যে প্রবাহ বিভিন্ন পথ-ঘাট অতিক্রম করে এসেছে, সেই পটভূমির কিছু স্মৃতিচারণা প্রাসঙ্গিক বলে মনে করি। কেননা, এর ফলেই পূর্ব বাংলার গণমানুষের মুক্তি বা মোহমুক্তি এবং তার চেতনার বৃদ্ধি। এগুলো আমার তরুণকালের ওপর যেমন প্রভাব ফেলেছে, তেমনি সীমাবদ্ধ জীবন থেকে আরও কিছু মুসলিম তরুণও সচেতনভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আর এসবের ফলে বিন্দু বিন্দু করে বিপ্লবের পথ তৈরি সম্ভব হয়েছে। এদিক থেকে আমারও পরবর্তীর সঙ্গে একটা যোগাযোগ রয়েছে, তা অস্বীকার করা যায় না। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার সামাজিক, রাজনৈতিক জীবনের মূল হোতা ছিল সমাজগতভাবে মুসলিম সমাজ। এটা অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে। পার্শ্ববর্তী হিন্দু সমাজে যে রাজনৈতিক ঐতিহ্য, যে সংগ্রামী ঐতিহ্য ছিল, সে ঐতিহ্য তখনো মুসলিম সমাজজীবনে প্রভাব ফেলতে সক্ষম হয়নি। একজন যুবক রাজনৈতিক কারণে বন্দী থাকবে এবং সেটা আরও পাঁচজনের কাছে আদর্শ হিসেবে অনুভূত হবে—এ ঐতিহ্য তখনো আমাদের মুসলিম সমাজে ছিল না। কথাটা এ কারণেই বলছি যে, পূর্ববঙ্গকে ভাষা ও জাতীয়তার ভিত্তিতে নতুন অস্তিত্ব দিতে হলে পূর্ববঙ্গের মুসলিম সমাজের তরুণকেই নতুন দৃষ্টিভঙ্গির উন্মোচন ঘটাতে হবে। সেদিক থেকে আমরা যারা ১৯৪২-৪৩ সাল থেকে ছাত্র আন্দোলন কিংবা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করেছিলাম, তাদের এই কামনা ছিল যেন, যত তাড়াতাড়ি সম্ভব মুসলিম সমাজ বৃহত্তর রাজনৈতিক আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হতে পারে। যে সাম্প্রদায়িক একটা পরিমণ্ডল এ ভারতবর্ষে ঐতিহাসিক কারণে সৃষ্টি হয়েছে, যার বাস্তবতা এবং ঐতিহাসিকতা আমরা অস্বীকার করতে পারি না, তার সীমাবদ্ধতার কথাও আমাদের স্মরণ রাখতে হবে। সাম্প্রদায়িকতা একটা সম্প্রদায়কে মুক্তি দিতে পারে না। মুসলিম সমাজ একটা সম্প্রদায়, হিন্দু সমাজ একটা সম্প্রদায়—এসব সম্প্রদায় নিয়েই ভারতবর্ষ। কিন্তু সাম্প্রদায়িকতা কোনো সম্প্রদায়কে তার বাস্তব জীবন, অর্থাৎ তার সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনের যে অভাব, অনটন, বন্দিত্ব—তা থেকে তাকে মুক্তি দিতে পারে না। সাম্প্রদায়িকতা বাস্তব সত্য। কিন্তু সাম্প্রদায়িকতাকে অতিক্রম করেই সম্প্রদায়কে মুক্তিদান সম্ভব। সে জন্য বিভিন্ন কারণে যখন মুসলিম সমাজে সচেতন লেখাপড়া জানা কেরানি, ছাত্র, কর্মচারী ইত্যাদির মধ্যে এই সম্প্রদায়ের সীমাবদ্ধতা সম্পর্কে চেতনা জাগতে শুরু করল, তখন এ ব্যাপারটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় হয়ে উঠল। আমাদের মনে হলো, আমাদের রুদ্ধদ্বার এবার খুলে যাচ্ছে। মানুষের জীবনের নানান পর্যায় থাকে। একটা ব্যক্তি আসলে এক ব্যক্তি নয়, বহু ব্যক্তি নিয়েই একটা ব্যক্তিজীবন। এক ব্যক্তি বৃদ্ধ অবস্থায় যা আছে, তরুণ অবস্থায় তা ছিল না। সেদিক থেকে বলতে হয়, সরদার ফজলুল করিম নামে যে তরুণ ছাত্রটি ১৯৪৭-৪৮ সালে ঢাকার শিক্ষা ও সাংস্কৃতিক জীবনে কিছুটা সক্রিয় ভূমিকায় ছিল, অবস্থার পরিপ্রেক্ষিতে তারও একটা তাৎপর্য ছিল। সে তাৎপর্য অন্তত এই যে, সে তরুণ সেদিনকার মুসলিম লীগের প্রধান আন্দোলনের ধারা দ্বারা আচ্ছন্ন হতে চায়নি। সচেতনভাবে সে তৎকালীন বামপন্থী আন্দোলন তথা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করে। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। পরবর্তীকালের যে অগ্রগতি—সে অগ্রগতিকে বোঝার জন্যই এর একটি সম্পর্ক আমাদের স্বীকার করতে হবে। বিষয়টি ব্যক্তিগত হলেও পূর্ব বাংলার মুসলিম তরুণ সমাজের বিকাশের ক্ষেত্রে এ বিষয়টি তাৎপর্যবহ। এই রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আমি জড়িত থেকেও দর্শন শাস্ত্রে ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবার প্রশংসা পেয়ে পাস করেছি।তার আগের বছর দর্শন শাস্ত্রে অনার্সে আমি কৃতিত্বের সঙ্গে পাস করেছি। স্বাভাবিকভাবে তখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু শিক্ষকই বেশি ছিলেন। তাঁদের যত্নে, আদরে, স্নেহে আমি ধন্য হয়েছি। তাঁরাই আমাকে আমার সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগ দেখে দর্শন শাস্ত্রের বিভাগে ১৯৪৮ সালে শিক্ষক হিসেবে নিযুক্ত করেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাঁরা শিক্ষকতা করতেন, তাঁদের সবাই জ্ঞানী ও গুণী ছিলেন। তাঁরা ভারতবর্ষের মধ্যেও খ্যাতিসম্পন্ন ছিলেন। হরিদাস ভট্টাচার্য তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যক্ষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাস আরও তাৎপর্যপূর্ণ। ১৯৪৫, ৪৬, ৪৭ সালের দিকে হিন্দু শিক্ষকই বেশি ছিলেন। কিন্তু ক্রমান্বয়ে মুসলিম ছাত্রের সংখ্যা বাড়তে থাকে এবং তারাই প্রধান হয়ে দাঁড়ায়। কিন্তু একদিকে মুসলিম ছাত্রের আধিক্য, অপরদিকে হিন্দু শিক্ষকের আধিক্য, এই বলে সম্প্রদায়গত কোনো মারাত্মক দ্বন্দ্ব তখন বিশ্ববিদ্যালয়ে ছিল না। শিক্ষকেরা সবাই ছিলেন সর্বজনপূজিত। হরিদাস ভট্টাচার্য, ডি এন ব্যানার্জি, অধ্যাপক এ বি রুদ্র, ড. মাহমুদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, প্রফেসর রাজ্জাক প্রমুখ—এঁরা ছিলেন আমাদের গৌরব। তৎকালীন ছাত্রসমাজও তাঁদের লেখাপড়ায় ছিল উন্নত—শিক্ষকমণ্ডলী এ স্বীকৃতি দিয়েছিলেন।আমার শিক্ষকমণ্ডলীও আমাকে নিয়ে আশা করেছিলেন যে আমি শিক্ষকতায় নিযুক্ত থাকব। আমি ক্রমান্বয়ে আরও ব্যুৎপত্তি লাভ করব, বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে আনব। কিন্তু তাঁরা আমার একটি দিক তখনো জানতেন না। আমার অধ্যয়ন ও অধ্যাপনা ছড়া আরও যে একটি দিক আছে, সে বিষয়ে তাঁরা অবগত ছিলেন না। ১৯৪২-৪৩ সাল থেকে—মোটকথা, দুর্ভিক্ষের সময় থেকে আমি ছাত্র হলেও এ সময়ে অবিভক্ত বাংলাদেশে কী হচ্ছ—এ সম্পর্কে আমি শুধু সচেতনই ছিলাম না, এর সঙ্গে আমি জড়িতও ছিলাম। আমি ১৩৫০-এর দুর্ভিক্ষের কথা বলছি। এই দুর্ভিক্ষ আমার মনকে ভীষণভাবে আলোড়িত করে তুলেছিল। আমি তখন একটা আন্তর্জাতিক রাজনীতির আদর্শ অর্থাৎ সাম্যবাদী আদর্শ দ্বারা উদ্বুদ্ধ ছিলাম। সে সময় একজন মুসলিম ছাত্রের পক্ষে এমন রাজনীতির সঙ্গে জড়িত হওয়া খুবই কষ্টকর ছিল। ১৯৪৭ সালের মধ্যভাগে যখন পাকিস্তানের প্রতিষ্ঠা হয়ে গেছে, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও একটি কাঠামোগত পরিবর্তন আসতে শুরু করেছে। এখান থেকে বেশ কিছুসংখ্যক হিন্দু-শিক্ষক কলকাতা তথা পশ্চিমবঙ্গে তখন চলে যাচ্ছেন। এ অবস্থায় একজন মুসলিম তরুণ শিক্ষকের অধ্যাপনা ক্ষেত্রে টিকে থাকা দরকার ছিল। কিন্তু ১৯৪৮ সালের মধ্যভাগে যে একটা চেতনা আমার মধ্যে গড়ে উঠছিল, সে কথা বলার জন্য বলছি; পূর্ববঙ্গে যে কমিউনিস্ট পার্টি ছিল, তার আমি সক্রিয় সদস্য ছিলাম। ১৩৫০ সনের দুর্ভিক্ষকাল থেকেই কমিউনিস্ট পার্টির সঙ্গে আমি জড়িত ছিলাম। কমিউনিস্ট পার্টি শুরু থেকেই জনগণের কাছাকাছি ছিল, দুর্ভিক্ষে দুর্ভিক্ষপীড়িতদের সহায় হয়ে দাঁড়িয়েছিল—তাদের বাঁচানোর চেষ্টা করেছে, হিন্দু-মুসলমান দাঙ্গা নিবারণের চেষ্টা করেছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতার সৃষ্টি করে স্বাধীনতার পথকে প্রশস্ত করার চেষ্টাও করেছিল কমিউনিস্ট পার্টি। এসব কারণেই আমি কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় কর্মী হয়ে যাই। ১৯৪৮ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু তখনো সাম্প্রদায়িকতা থেকে শোষিত মানুষের মুক্তি আসেনি। একটা রাষ্ট্র আছে। কিন্তু রাষ্ট্র থাকাটাই বড় নয়। বড় হচ্ছে শোষণ থেকে মানুষের মুক্তি। পাকিস্তান প্রতিষ্ঠিত হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, পূর্ব বাংলার কৃষক শ্রমিক তাদের স্বপ্ন বাস্তবায়িত দেখতে পাবে, এ ধরনের একটা বোধ সবার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল। পাকিস্তান ব্যতীত অন্য কোনো চেতনা তখন মানুষের মনে ছিল না। পাকিস্তান প্রতিষ্ঠিত হলে বহু কর্মচারী পশ্চিম বাংলা, বিহার ইত্যাদি স্থান থেকে ঢাকায় এসেছেন—এখানে ভিন্ন উদ্যমে একটা হই হই রই রই ক্রিয়াকাণ্ড শুরু হবে—এ ধরনের একটা আশা তাদের প্রত্যেকের মনে ছিল। কিন্তু ১৯৪৮ সালেই ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে একটা আঘাত এল। এত দিন একটা কৈফিয়ত ছিল যে পূর্ব বাংলার মুসলমানেরা হিন্দুদের দ্বারা প্রভাবিত, তাদের দ্বারা শোষিত। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পর তারা এখন মুক্ত ও স্বাধীন। স্বাধীন বাংলায় তারা তাদের ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে একটা জাগরণ ঘটাবে, তাকে উন্নত করবে, তার চর্চা করবে—কিন্তু এই আশার ক্ষেত্রে পূর্ব বাংলার মানুষ পেল তদানীন্তন শাসকগোষ্ঠীর কাছে ভাষা ও সংস্কৃতির প্রশ্নে এক বড় ধরনের আঘাত। ১৯৪৮ সালের কথা বলছি। ছাত্রসমাজ তখন যুবলীগ গঠন করেছে। যুবলীগের ম্যানিফেস্টোতে বলা হয়েছিল, সংখ্যাগরিষ্ঠ লোকের ভাষাকেই প্রাধান্য দিতে হবে। বাংলা ভাষাই শিক্ষার বাহন হবে, শিক্ষার মাধ্যম হবে। কিন্তু ভাষাকে কেন্দ্র করেই ১৯৪৮ সালের ১১ মার্চ ঢাকার বুকে ধর্মঘট, শোভাযাত্রা, আন্দোলন হয়েছিল। সে শোভাযাত্রায় পুলিশের হামলা হয়। সে সময়ের একটা শোভাযাত্রার কথা আমার চোখের সামনে এখনো ভাসছে। জগন্নাথ হলে তখন প্রাদেশিক সংসদের অধিবেশন বসত। বোধ হয় ১২ মার্চে আমরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় (বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল) থেকে শুরু করে আবদুল গণি রোড ধরে সেক্রেটারিয়েটের দক্ষিণ গেটে উপস্থিত হলাম। একজন ছাত্র মন্ত্রী আবদুল হামিদ সাহেবকে ধরে এনে বক্তৃতা দেওয়ালেন। তিনি তাঁর ভাষণে বলেছিলেন, ‘বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ভাষা। সবচেয়ে ভালো ভাষা।’ এভাবে তিনি তাঁর জীবন রক্ষা করার চেষ্টা করেছিলেন। এ মিছিলের প্রধান ভাগ ছাত্রই ছিল। ‘কায়েদে আযম’ ঢাকায় প্রথম এসেই রেসকোর্স ময়দানে ভাষণ দেন। সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল। আমি কিন্তু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়েছি। কারণ, আমি মনে করেছিলাম দেশের এ পরিস্থিতিতে আমার পক্ষে চাকরি করা সংগত হবে না, আমার দায়িত্বের কথা চিন্তা করে ১৯৪৮ সালের মধ্যভাগে বিশ্ববিদ্যালয় থেকে আমি পদত্যাগ করে চলে যাই। জিন্নাহ সাহেবের বক্তৃতার দিন আমি রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম। জিন্নাহ সাহেবের বক্তৃতা শোনার জন্য ঢাকা শহরের অসংখ্য লোক সেখানে সমবেত হয়েছিল। জিন্নাহ সাহেব উর্দুতে ভাষণ দেন। আমি এর আগে জিন্নাহ সাহেবকে দেখিনি। ক্ষীণ দেহ, বেশ দীর্ঘ, কিন্তু তাঁর কণ্ঠ বেশ বলিষ্ঠ। তিনি বক্তৃতা করতে করতে এক জায়গায় বললেন, ‘তোমাদের মধ্যে কমিউনিস্ট আছে, তোমাদের মধ্যে গুপ্তচর আছে, তোমাদেরকে তারা বিভ্রান্ত করছে। আমি বলছি, ভাষার ক্ষেত্রে যে প্রশ্ন উঠেছে, তাতে উর্দু, কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ এ কথা বলেই তিনি বক্তৃতা শেষ করেন কিংবা তাঁর বক্তৃতায় এটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল। সে সময় ছাত্ররা, বিশেষ করে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্ররা সংবর্ধনার তোরণ জিন্নাহ সাহেবের নামে তৈরি করেছিল। জিন্নাহ সাহেবের ভাষণ শোনার পর ছাত্ররা এতই মর্মাহত হয়েছিল যে, হলে ফেরার পথে সে তোরণ তারা ভেঙে ফেলে। অনেকে বলেছেন, জিন্নাহ সাহেব রেসকোর্সে ভাষণদানকালে ভাষার প্রশ্নে যে বক্তব্য রেখেছিলেন, তার প্রতিবাদ সেখানেই হয়েছিল। কিন্তু এ কথা ঠিক নয়। আমি একজন সচেতন কর্মী হিসেবেই সেখানে গিয়েছিলাম এবং জিন্নাহ সাহেব কী বলেন, না বলেন, তার প্রতিক্রিয়া কী হয়, এসব জানার জন্য সেখানে আমি গিয়েছিলাম। সেখানে কোনো বিক্ষোভ বা প্রতিবাদ আমি লক্ষ করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় কার্জন হলে। কার্জন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছিল। সে অনুষ্ঠানে যেসব ছেলেমেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় পাস করেছেন, তাঁদের সার্টিফিকেট বিতরণ করা হয়। আমি ১৯৪৬ সালে পাস করেছি। কিন্তু ইতিপূর্বে সার্টিফিকেট গ্রহণ করিনি। চিঠি পেয়েছিলাম ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য। কিন্তু আমি ছাত্রদের নির্দিষ্ট জায়গায় না বসে শিক্ষকদের জন্য নির্দিষ্ট স্থানে বসি। হলের মধ্যে পেছনের দিকে একটা অংশে ছাত্রদের জন্য স্থান নির্দিষ্ট করা হয়েছিল। সার্টিফিকেট বিতরণ পর্ব শেষে জিন্নাহ সাহেব প্রধান অতিথি হিসেবে ভাষণ দিতে ওঠেন। তিনি ইংরেজিতে ভাষণ দিচ্ছিলেন। তিনি তাঁর ভাষণের এক জায়গায় এসে আবার স্পষ্ট কণ্ঠে ঘোষণা করেন: উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাংগুয়েজ অব পাকিস্তান।এ কথা বলার সঙ্গে সঙ্গে আমরা চমকে উঠলাম—আমরা পেছনে তাকাতে বাধ্য হলাম। পেছনে ছাত্রদলের যে ব্লক ছিল হয়তো ডিগ্রি গ্রহণকারী ছাত্ররাই সেখানে ছিল। সেখান থেকে অত্যন্ত গম্ভীর কণ্ঠে তিনটি শব্দ উচ্চারিত হলো, ‘নো, নো, নো।’ এ তিনটি শব্দই মাত্র উচ্চারিত হয়েছিল।এ ছাড়া কোনো আওয়াজ বা স্লোগান সেখানে উচ্চারিত হয়নি। এ তিন শব্দই জিন্নাহ সাহেবের বক্তৃতাকে থামিয়ে দিতে বাধ্য করেছিল। তিনি মুহূর্তখানেক স্তব্ধ হয়েছিলেন। তারপর স্বভাবসুলভভাবে ভাষার বিষয়ে আর কোনো বক্তব্য না রেখে তিনি তাঁর ভাষণ শেষ করেন। জিন্নাহ সাহেব হল থেকে না বের হওয়া পর্যন্ত হলের মধ্যে যাঁরা ছিলেন, তাঁদের কাউকেই বের হতে দেওয়া হয়নি। ভাষা আন্দোলনের এটা একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। জিন্নাহ সাহেব আরও কয়েকটি জায়গায় ভ্রমণ করেছিলেন। কোনো কোনো জায়গায় বিক্ষোভের কথা শুনেছি। কিন্তু তার কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।আমি এ পর্যন্ত যে স্মৃতিচারণা করলাম, এ ছাড়া আর কিছু বলা আমার পক্ষে কঠিন। ১৯৪৮ সালের শেষের দিকে ব্যক্তিগত কারণে সাংগঠনিক দায়িত্বের দিক থেকে আমি ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাই। আমি ঢাকা জেলায়ই এক গ্রামে খেত-মজুরদের সঙ্গে থাকি। তাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করি। এ ছাড়া তাদের সঙ্গে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, দেশের ভবিষ্যৎ ইত্যাদি বিষয়ে আলাপ করে তাদের সচেতন করে তোলার চেষ্টা করি। আমি সেখানে তাদের মাঝে ছদ্মনামেই একাত্ম হওয়ার চেষ্টা করি। ১৯৪৯ সালের ডিসেম্বর মাসের দিকে সাংগঠনিক কাজের জন্য আমি ঢাকায় এসে উঠি। একটা বাসায় আমি থাকি। সেখানে আরও কয়েকজন কর্মীবন্ধু জড় হয়। সেখানে পুলিশের হামলা হয় এবং আমরা গ্রেপ্তার হই। এই সংগঠন তখনকার সরকারের কাছে সবচেয়ে ভয়ের বিষয় ছিল। কারণ, এ সংগঠন খেতে-খামারে কৃষকদের সংগঠিত করার চেষ্টা করেছিল। এ কারণেই মুসলিম লীগ সরকারের পুলিশের নজর ছিল এই সংগঠনের ওপর। যদিও সরকারিভাবে এটা নিষিদ্ধ সংগঠন নয়, তা সত্ত্বেও এদের কাজ করতে দেওয়া যাবে না—এই ছিল সরকারি মনোভাব। ফলে নিরাপত্তা আইনের আওতায় সংগঠনের কর্মীদের গ্রেপ্তার করতে থাকে। এই আইনের বলে কোনো নির্দিষ্ট অভিযোগের প্রয়োজন হয় না, সরকার এই আইনের আওতায় যেকোনো লোককে গ্রেপ্তার করতে পারে। বামপন্থী কমিউনিস্ট পার্টির কর্মীদের সরকার এ আইনের আওতায় গ্রেপ্তার করে। সরকারের এ কর্মসূচির আওতায় আমিও অন্যান্য কর্মী-বন্ধুর সঙ্গে ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে গ্রেপ্তার হয়ে জেলখানায় যাই।তখন জেলখানার ভেতর রাজনৈতিক বন্দীদের মধ্যে একটা অস্থিরতা চলছিল। ১৯৪৯ সালে আমি জেলে গিয়েই তা বুঝতে পারি। জেলখানার মধ্যে সে সময় বন্দীরা নিজেদের মর্যাদা প্রতিষ্ঠায় অনশন সংগ্রাম চালিয়েছিল। এ সংগ্রাম ৫৮ দিন যাবৎ চলেছিল। জেল কর্তৃপক্ষ অনশনরতদের জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা চালিয়েছিল। আমি যেদিন জেলে যাই, সেদিন এ সংগ্রামের ২০ দিন অতিক্রান্ত। জোর-জবরদস্তি করে দুধ খাওয়াতে গিয়ে কমিউনিস্ট পার্টির অন্যতম নিবেদিতকর্মী শিবেন রায় নিহত হন। জোর করে নল দিয়ে দুধ খাওয়াতে গিয়ে শ্বাসনালীর মধ্যে দুধ চলে যায়। ফলে তাঁর মৃত্যু ঘটে। শুধু এই একটিমাত্র ঘটনা নয়। ১৯৫০ সালে রাজশাহীতে জেলখানার ভেতরে খাপরা সেলে যেসব রাজনৈতিক বন্দী ছিলেন, পুলিশ তাঁদের ওপর গুলি চালালে সাতজন রাজনৈতিক কর্মী মৃত্যুবরণ করেন।আমি বলছিলাম, তখনকার রাজনৈতিক আন্দোলনের অগ্রগামী অংশ বামপন্থী মহল কী করে জেলে গেছেন, অসহনীয় নির্যাতন সয়েছেন; কিন্তু এসব পরিবেশের মধ্য দিয়েও আন্দোলন চালিয়ে নিয়ে গেছেন, মনোবল রক্ষার চেষ্টা করেছেন, অনেকে মৃত্যুবরণও করেছেন—এর কথা। ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের কথা আমরা উল্লেখ করেছি। পূর্ববঙ্গের যে রাজনৈতিক কাঠামো, যে নেতৃত্ব, তা সরকার পরিবর্তনে তখন যথেষ্ট ছিল না। একটা হতাশা আমরা জেলখানার মধ্যে বিশেষভাবে অনুভব করলাম। তথাপি কমিউনিস্ট পার্টি একটি সুসংবদ্ধ পার্টি। জেলখানায় যেসব কর্মী মাসের পর মাস, বছরের পর বছর আবদ্ধ রয়েছেন, তাদের সতেজ ও তাদের মনোবল অটুট রাখার চেষ্টা সে করেছে। জেলখানার ভেতরের রাজবন্দীরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারতেন না। ফলে সব সময় তাঁদের মনের ভেতরে একটা হতাশা, একটা বেদনা তাঁদের অনবরত আঘাত করত। দেশীয় বা আন্তর্জাতিক কোনো খবরই, যা রাজনৈতিক বন্দীদের মনোবলকে সতেজ করতে পারে, তা জেলখানার বন্দীদের কোনোক্রমেই সরবরাহ করা হতো না। সরকারি কর্তৃপক্ষ সরবরাহ করতে চাইত না।১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আমি ছিলাম রাজশাহী জেলে। সেখানেও আমাদের কানে দূর থেকে ভেসে আসত ‘রাজবন্দীদের মুক্তি চাই’, ‘ছাত্র হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান। আমাদের বন্দীদের তখনকার মানসিক অবস্থা অবর্ণনীয়। এ স্লোগান শুধু রাজশাহী কারাগারে উঁচু দেয়াল ভেদ করে রাজবন্দীদের কানে ঢোকেনি, ঢাকাসহ সব কারাগারের বন্দীদের মধ্যেও প্রতিক্রিয়া শুরু হয়েছিল। বহু ছাত্র কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করে বলেছিল, চিন্তার কোনো কারণ নেই—আমাদের আন্দোলন জোরসে চলছে। অনেকে বন্দীদের জড়িয়ে ধরে বলেছে, জয় আমাদের সুনিশ্চিত ইত্যাদি। অনেক ছাত্র, দলীয় কর্মী দলে দলে কারারুদ্ধ হয়েছিলেন। এসব ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন জাতীয় জীবনে নতুন প্রাণের সঞ্চার করেছিল। এ সম্পর্কে ‘গল্প নয়’ বলে আমার একটি প্রবন্ধ আছে। তাতে আমি এ মনোভাবই ব্যক্ত করার চেষ্টা করেছি, কীভাবে এ ভাষা আন্দোলন আমাদেরকে এ বন্দিশালার মধ্যে উজ্জীবিত করেছিল। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ফলে রাজশাহী জেলে এক শয়ের ওপরে নতুন রাজবন্দী এল। আমরা পরস্পরে মিলতাম শুক্রবার জুমার নামাজের সময়। জুমার নামাজই একমাত্র উপযুক্ত সময় ছিল, যখন সরকারি কর্তৃপক্ষের কোনো বাধা দেওয়ার সুযোগ ছিল না। আমরা পরস্পর আলাপ-আলোচনা ওই সময়ই সেরে নিতাম। শুক্রবারের জুমার জামাতও আমাদের দাবির মাধ্যমে আদায় করে নিতে হয়েছিল। আজকের অবস্থা থেকে যদি আমরা পুরোনো দিনের দিকে তাকাই, তবে বলা চলে সমগ্র পূর্ব বাংলা একটা বন্দিশালায় রূপান্তরিত ছিল। শ্রমিক, কৃষক তথা বাংলার মেহনতি মানুষ তাদের স্বপ্ন ভঙ্গ থেকে নানা হতাশার মধ্যে নিপতিত ছিল। যখন তারা আলোর আশা করছিল, ঠিক সেই সময়ই ভাষা আন্দোলন নতুন পর্যায়, নতুন বিস্ফোরণ এনে গোটা পূর্ববঙ্গকেই নতুন জীবনদান করেছিল। সেদিক থেকেই আমরা এখনো ভাষা আন্দোলনের কথা বলি। এত বছর পার হয়ে গেছে, তবু আমরা বলি, এ আন্দোলনের ইতিহাস আমাদের জানতে হবে। এ আন্দোলনের খুঁটিনাটি, ত্রুটিবিচ্যুতি যা-ই হোক না কেন, এটা যাঁর স্মৃতিতে যে রকম থাক না কেন, সবকিছু আমাদের সংগ্রহ করতে হবে।বাংলা একাডেমী প্রকাশিত একুশের সংকলন ’৮০: স্মৃতিচারণ থেকে ঈষৎ সংক্ষেপিত