জেলহত্যা মামলায় আপিলের রায় ৩০ এপ্রিল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়েছে। ৩০ এপ্রিল রায় দেবেন আদালত।১০ দিনের মতো উভয় পক্ষের শুনানি শেষে আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ রায়ের এ তারিখ ধার্য করেন।আজ সকালে প্রথমে আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন যুক্তিতর্ক উপস্থাপন করেন। ১১টার দিকে আসামিপক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষে বিরতিতে যান আদালত।বিরতি শেষে ১২টায় আদালতের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। শেষ দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং এ মামলায় রাষ্ট্রপক্ষ নিয়োজিত কৌঁসুলি আনিসুল হক অংশ নেন।শুনানিতে আনিসুল হক বলেন, সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনায় এটা পরিষ্কার যে, জাতীয় চার নেতাকে কারা মেরেছে, কোথায় মেরেছে, কেন মেরেছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্টের দণ্ড বাতিল ও বিচারিক আদালতের রায় পুনর্বহালের আরজি জানান তিনি। পরে অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, ভুল ধারণাবশত এই মামলায় দুই আসামি খালাস পেয়েছেন। এই নিষ্ঠুর ও নির্মম ঘটনা ক্ষমার অযোগ্য। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্র হয় বঙ্গভবনে। নির্দেশনাও আসে বঙ্গভবন থেকে। ভারতীয় সুপ্রিম কোর্টের একটি রায়ের উদাহরণ টেনে এই মামলায় খালাস পাওয়া ব্যক্তিদের দণ্ড বাড়ানোর আরজি জানান অ্যাটর্নি জেনারেল।রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বেলা একটার দিকে আপিলের রায়ের তারিখ ঘোষণা করেন আদালত। ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তাঁরা হলেন: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদদীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান।পরদিন তত্কালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ থেকে অব্যাহতি পান। অন্য আটজন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে। এরপর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।আপিলের অনুমতি পাওয়ার প্রায় দুই বছরের মাথায় গত ১৫ জানুয়ারি আপিলের ওপর প্রথম শুনানি শুরু হয়। আসামিপক্ষ আজসহ তিন দিন শুনানিতে অংশ নেয়।