জেলহত্যা মামলার আপিল শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর আজ মঙ্গলবার শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ প্রথম দিনের মতো আপিলের শুনানি নিয়ে ২২ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং এ মামলায় নিয়োজিত প্রধান কৌঁসুলি শুনানি করেন। এ সময় আসামিপক্ষে নিয়োজিত আইনজীবী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। পরে আনিসুল হক সাংবাদিকদের বলেন, অনেক অপেক্ষার পর আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। শুনানির বিষয়ে তিনি বলেন, হাইকোর্ট বিভাগের রায় ছিল বিকৃত। কারণ, হাইকোর্ট একজনকে ছাড়া বাকি সব আসামিকে খালাস দিয়েছেন। আপিলে আমরা ন্যায়বিচার চেয়েছি। আনিসুল হক বলেন, সাতজন সাক্ষীর বক্তব্য আদালতের কাছে পেশ করেছি। তাঁদের বক্তব্যে দেখা যায়, তত্কালীন রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমেদ বঙ্গভবন থেকে তত্কালীন আইজি প্রিজনের কাছে ফোন করেন। আইজি প্রিজনকে মোশতাক বলেন, মোসলেহসহ চারজন যে কাজে যাচ্ছেন, তাঁদের সেকাজ যাতে করতে দেওয়া হয়। অপর তিনজন হলেন: দফাদার মারফত আলী শাহ, দফাদার মো. আবুল হাশেম মৃধা ও ক্যাপ্টেন মাজেদ।গত বছরের ১২ ডিসেম্বর এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানির জন্য ১৫ জানুয়ারি তারিখ ধার্য করা হয়। একই সঙ্গে পলাতক দুই আসামির প্রতি নোটিশ জারি থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করেন আদালত। পলাতক দুই আসামি হলেন: দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধা।১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। পরদিন তত্কালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অন্য আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে।এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। পৃথক পাঁচটি লিভ টু আপিল করা হয়। ২০১০ সালের ৪ নভেম্বর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন শুনানির দিন নির্ধারণের জন্য আরজি জানায়। জেলহত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন —সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের এরই মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।