জেলহত্যা মামলার শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) ওপর রোববার শুনানি হচ্ছে। আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল শুনানির দিন নির্ধারণের জন্য আরজি জানানো হয়েছে। আপিল বিভাগ রোববার শুনানির দিন ধার্য করেছেন। রাতে যোগাযোগ করা হলে এ মামলায় নিয়োজিত রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকার দুই নম্বর ক্রমিকে রয়েছে। রোববার থেকে শুনানি শুরু হবে। রাজনৈতিক কারণে জেলহত্যা মামলার তদন্ত ২১ বছর থেমে ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তদন্ত শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০০৪ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত পলাতক তিন আসামিকে ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০০৮ সালের ২৮ আগস্ট দেওয়া রায়ে হাইকোর্ট একজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চারজনকে খালাস দিয়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বছর আপিল বিভাগে আবেদন করে।