জেলা আ.লীগের সভাপতি থেকে অব্যাহতি চেয়ে আমসাআ আমিনের পত্র
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন পত্র জমা দিয়েছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর ২৩ সেপ্টেম্বর পদত্যাগপত্র কেন্দ্রীয় কার্যালয়ে দাখিল করেন। তবে তিনি জেলা পরিষদের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেননি। আমসাআ আমিন প্রথম আলোর সঙ্গে আলাপকালে অভিযোগ করেন, জেলা কমিটির সভাপতি হিসেবে প্রাপ্য মর্যাদা তাঁকে দেওয়া হয়নি। উপরন্তু সভাপতি পদের অবমাননা করা হয়েছে। তিনি দ্বন্দ্ব-কোন্দল এড়িয়ে চলেছেন। বর্তমান সরকারের আমলে সাংসদদের কাজে হস্তক্ষেপ করেননি। দলের অনেক নেতা-কর্মীকে বঞ্চিত করা হয়েছে। মামলা-হামলায় নিগৃহীত হয়েছেন অনেক কর্মী। তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সময় বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর সকালে স্থানীয় সার্কিট হাউসে যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের সামনে জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংসদ মো. জাফর আলীসহ কিছু সদস্য তাঁকে অপদস্থ করেন। এসব কারণে তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে পরাজিত হন। এরপর ২০০৩ সালে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৮ সালে মনোনয়ন না পেয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ২০১২ সালে জেলা পরিষদের প্রশাসক মনোনীত হন।দলের একটি অংশ অভিযোগ করে, দীর্ঘদিন ধরে তাঁকে দলীয় কোনো কর্মসূচিতে পাওযা যায় না। ক্ষুদ্র একটি অংশ নিয়ে দল বিভক্ত করে রেখেছেন। এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী বলেন, ‘জেলায় দলের ভেতরে কোনো দ্বন্দ্ব বা বিভক্তি নেই। এ অবস্থায় সভাপতি পদত্যাগপত্র দাখিল করেছেন বলে শুনেছি। এটি তাঁর ব্যক্তিগত বিষয়।’ আমসাআ আমিন পদত্যাগপত্র দাখিলের কথা স্বীকার করে জানান, বিষয়টি এখন কেন্দ্রের বিবেচনাধীন।