জেলা আমিরদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান মকবুল আহমদের
জামায়াতে ইসলামীর জেলা আমিরদের আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ। আজ শুক্রবার সকালে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলটির জেলা আমিরদের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।মকবুল আহমদ আমিরদের উদ্দেশে বলেন, ‘ঝুঁকি নিয়ে হলেও আমাদেরকে আন্দোলন করতে হবে। আপনারা জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হন।’মকবুল আহমদ সরকারকে উদ্দেশ করে বলেন, সরকার জামায়াতকে কোনো গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তাহলে সরকার কি জামায়াতে ইসলামীকে ভয় পায়? তিনি আরও বলেন, ‘সরকারের মেয়াদ তো পাঁচ বছর, সারা জীবন তো ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর কী পরিণতি হবে সেটা চিন্তা করে রাখুন।’যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ বিচার হবে আত্মঘাতী সিদ্ধান্ত। সরকারের এখান থেকে পিছু হটা উচিত। ৫ এপ্রিলের মিছিলে পুলিশের হামলার নিন্দা করে বলেন, ‘এভাবে আর কত দিন আপনারা আমাদের বাধা দিয়ে রাখবেন।’সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ, আবদুস সোবহান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম।