জেলা ও মহানগরে আজ ঢাকায় পরশু বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে আছে, আজ রোববার সব জেলা ও ঢাকা বাদে অন্য মহানগরে এবং ১২ অক্টোবর ঢাকায় বিক্ষোভ সমাবেশ।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।বিএনপি-ঘোষিত মাসব্যাপী থানা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করতে গিয়ে গত শুক্রবার সানাউল্লাহ নূর হামলায় নিহত হন। তিনি উপজেলা বিএনপির সভাপতি। বিএনপির দাবি, সরকারদলীয় সমর্থকেরা তাঁকে হত্যা করেছেন।সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার এই হত্যাকাণ্ডকে নৃশংস, অমানবিক, নির্মম ও বর্বর বলে উল্লেখ করেন। তিনি বলেন, ন্যূনতম মানবিক বোধ থাকলে কেউ এভাবে কাউকে পিটিয়ে হত্যা করতে পারে না। হত্যাকাণ্ডের ঘটনা এটাই প্রথম নয়। আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে নীলনকশা অনুযায়ী হত্যাকাণ্ড ঘটাচ্ছে। দলটি লগি-বৈঠার মর্মান্তিক ও ভয়ংকর রাজনীতির দিকে দেশকে নিয়ে যাচ্ছে।বিএনপির মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘এভাবে মানুষ হত্যা এবং আইনের শাসন ভূলুণ্ঠিত করে আপনাদের অসৎ উদ্দেশ্য কোনো দিনও সফল হবে না। ভয়ভীতি দেখিয়ে মানুষের কণ্ঠরোধ করে রাখতে পারবেন না।’ কঠোর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান তিনি।খোন্দকার দেলোয়ার বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি খুনি-সন্ত্রাসীদের ক্ষমা করে দিয়েছেন। এ জন্যই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ছাড়া পেয়ে খুনিরা আবার বিএনপির নেতাদের খুন করছে। তিনি পুলিশের সমালোচনা করে বলেন, ‘আপনারা কোনো ব্যক্তি বা দলের কর্মচারী নন। প্রজাতন্ত্রের কর্মচারী।’ চাপের ঊর্ধ্বে উঠে পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান খোন্দকার দেলোয়ার।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।আসরের নামেজের পর কার্যালয়ের সামনে সানাউল্লাহ নূরের গায়েবানা জানাজা হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।