জেলা জজদের অনেকে নাজিরের সঙ্গে টাকা লেনদেন করেন: প্রধান বিচারপতি
‘আপনারা অনেকেই নাজিরের সঙ্গে টাকা-পয়সা লেনদেন করেন। এ রকম অভিযোগ আমার হাতের মধ্যে আছে। অনেকই বদলি হওয়ার সময় দাবি করেন, “তোমরা তো আমাকে একটা কিছু দিবে, কোরআন শরিফ আর লাঠি না দিয়ে একটা ডিপ ফ্রিজ দিয়ে দিও।” আমার কাছে তথ্য আছে। তবে সবাই নেন না। কেউ কেউ নেন।’ আজ শুক্রবার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনের শেষ দিনে জেলা ও দায়রা জজ এবং সমপদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিনে সারা দেশ থেকে আসা প্রায় ১৬০ জন জেলা জজ ও সমপদমর্যাদার কর্মকর্তা অংশ নেন। প্রধান বিচারপতি বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষ আমাদের নিয়োগ দিয়েছেন। তাঁরা আমাদের ব্যাপারে সন্তুষ্ট নন। বিচার বিভাগ এখন জনগণের কাঠগড়ায়। এর বিশ্বাস ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের নিতে হবে। সভ্যতার চরম শিখরে উপনীত হওয়ার পেছনে রয়েছে আইনের অবদান।’খায়রুল হক আরও বলেন, ‘একমাত্র আইন ও বিবেকের দ্বারা নিজেকে পরিচালিত করতে হবে। আপিল মঞ্জুর করতে পারেন, খারিজ করতে পারেন। তবে মনে রাখতে হবে, আল্লাহর দৃষ্টিশক্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। শেষ দিনের কথা স্মরণ রাখতে হবে। ওই দিন সাধারণ মানুষ হিসেবে বিচার হবে না, বিচার হবে বিচারক হিসেবেই। ন্যায়বিচার করলে সুসংবাদের কথা ইসলামে ও হাদিসে আছে। একটি ন্যায়বিচার করলে সাতটি আকবরি হজের সওয়াব পাবেন। এ সুসংবাদ ন্যায়বিচারের জন্য। আর এটা শুধু বিচারকদের জন্য।’সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান বিচারপতি নিম্ন আদালতের সর্বোচ্চ পদে আসীন এসব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। বিচার বিভাগীয় কর্মকর্তরা তাঁদের বেতন-ভাতা, অবকাঠামো ও জনবল স্বল্পতার বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন। প্রধান বিচারপতি এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদ, ডেপুটি রেজিস্ট্রার শেখ হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরই প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক নিম্ন আদালতের সব বিচারকের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বিচার বিভাগীয় ও সমপদমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে সম্মেলনের আয়োজন করা হয়। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে চলা এ সম্মেলন গত ২২ অক্টোবর থেকে শুরু হয়। এতে পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম এবং জেলা ও দায়রা জজসহ প্রায় ১৫০০ জন সম্মেলনে অংশ নেন।