জেলা জজদের পদমর্যাদার রায়ে প্রতিক্রিয়া
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি পদক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ম্যাজিস্ট্রেট ও মুখ্য মহানগর হাকিমদের পরের ক্রমিকে থাকবে তিন বাহিনীর প্রধানদের নাম। এর পরের ক্রমিকে থাকবে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নাম। এমন আট দফা নির্দেশনার আলোকে দুই মাসের মধ্যে সরকারি পদক্রম তৈরি করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট ৪ ফেব্রুয়ারি। পাশাপাশি ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন আদালত। এ নিয়ে বিশেষজ্ঞরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাক্ষাত্কার নিয়েছেন আফতাব রাগিবমো. গোলাম রাব্বানী সাবেক বিচারপতিআলোচ্য রায়টিকে দুই ভাগে ভাগ করে মূল্যায়ন করা যেতে পারে। প্রথম ভাগে যদি বলি, রায়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে জেলা জজের পদমর্যাদা হবে সচিবের ওপরে। এটি আমার মতে সঠিক সিদ্ধান্ত। এটি সংবিধানে উল্লিখিত রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ। নির্বাহী বিভাগ থেকে যে বিচার বিভাগ আলাদা হয়েছে, এর মাধ্যমে এর সুপ্রতিষ্ঠা পেল। প্রতীকী বিচার বিভাগের সঠিক স্থানকে নির্দিষ্ট করতে এই সিদ্ধান্তটি উত্তম।দ্বিতীয় ভাগে যদি বলি, রায়ের নির্দেশনায় তিন বাহিনীর প্রধানের পদমর্যাদার বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না, কারণ আদালত কেন ও কোন যুক্তিতে বিবেচনা করলেন সেটি রায়ের পুরো অংশ দেখে তারপর বলা যাবে। সৈয়দ আমিরুল ইসলাম সাবেক বিচারপতিবর্তমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী জেলা জজদের পদমর্যাদা অনেক নিচে। তাঁদের পদমর্যাদা বাড়ানোর সিদ্ধান্তটি সঠিক। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি নিয়ে আরও পর্যালোচনা করা উচিত। কারণ, জেলা জজ হচ্ছেন একটি জেলার বিচার আদালতের প্রধান। আবার তিন বাহিনীর প্রধান হচ্ছেন পুরো বাংলাদেশে একটি করে প্রতিরক্ষা বাহিনীর প্রধান। এ দৃষ্টিকোণ থেকে হাইকোর্টের এ রায় কিছুটা বিতর্ক সৃষ্টি করবে। তবে মূল রায়ের কপি হাতে পেলে বোঝা যাবে আসলে আদালত কোন যুক্তিতে এমন নির্দেশনা দিলেন। এখনই এ বিষয় নিয়ে কোনো যুক্তি দেওয়া সমীচীন নয়। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, এ রায়টি বিতর্কের সৃষ্টি করবে।আকবর আলি খান সাবেক উপদেষ্টা ও সচিব এ রায়ের সঙ্গে অনেক প্রশ্ন জড়িত। সংবিধানে আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ—এ তিন বিভাগের মধ্যে স্পর্শকাতর ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে নির্বাহী বিভাগ বনাম বিচার বিভাগ সম্পর্কটা। সে ভারসাম্যটা এতটা নাজুক যে আবহমানকাল ধরে এ দুটি বিভাগের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্ক বিরাজমান। এ রায় সে সম্পর্ককে আরও জটিল করে তুলল। কারণ, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স পদমর্যাদা বা পদক্রম নির্ধারণের জন্য তৈরি হয়নি। তৈরি হয়েছিল রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, তা নির্ধারণের জন্য। এটা বিচার বিভাগের বিষয় নয়, নির্বাহী বিভাগের বিষয়। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাঁদের অনুষ্ঠানে বা সি-অফ পর্বে কাকে দাওয়াত দেবেন, আর কাকে দেবেন না সে বিষয়টিও ঠিক করে দেওয়ার দায়িত্ব যদি বিচার বিভাগ নেয়, তার পরিণতি আমার মনে হয় না শুভ হবে। আপিল বিভাগেও যদি এ রায় বহাল থাকে, তবে জাতির জন্য তা হবে খুবই স্পর্শকাতর ও উদ্বেগের বিষয়। তাতে বিচার ও নির্বাহী বিভাগের সম্পর্কের অবনতি তো হবেই, সেই সঙ্গে সম্পর্কটা স্থায়ীভাবে সাংঘর্ষিক হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে। সবাই বলছেন, এ রায়ে বিচার বিভাগের মর্যাদা উন্নীত হলো। কিন্তু আমি মনে করি, এ রায় বিচারকদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ারও কারণ হতে পারে। কারণ, এ রায়ের বাস্তবায়ন ভবিষ্যতে বিচারকদের বিরূপ ও অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে বলে আমার ধারণা।এম জহির রিট আবেদনকারী পক্ষের আইনজীবীরায়টিকে আমি স্বাগত জানাই। জেলা জজ জেলার সর্বোচ্চ বিচারিক কর্মকর্তা। বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর এ রকম সিদ্ধান্ত যথেষ্ট জরুরি ছিল। এ রায়ে বিচার বিভাগের মর্যাদা উন্নীত হলো। তা ছাড়া মাসদার হোসেন মামলার রায়েও জেলা জজদের কমপক্ষে সচিবের পদমর্যাদা দেওয়ার কথা বলা হয়েছিল।রোকনউদ্দিন মাহমুদ রিট আবেদনকারী পক্ষের আইনজীবীবিদ্যমান ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে’ প্রচুর অসংগতি ছিল। এ রায় সেটা দূর করেছে। তা ছাড়া এ প্রিসিডেন্স নির্ধারণের পেছনে বস্তুনিষ্ঠ কোনো মাপকাঠি, নির্দেশক বা নিয়মনীতি ছিল না। এটা পুরোপুরি মনঃকল্পিত (Subjective) একটি সিদ্ধান্ত ছিল। তার পরও বর্তমান রায়ে কেউ যদি নিজেকে সংক্ষুব্ধ মনে করেন, তবে আপিল বিভাগের দরজা তো তাঁর জন্য খোলাই আছে।আবদুর রব চৌধুরী মন্ত্রিপরিষদ সচিবের আইনজীবীওয়ারেন্ট অব প্রিসিডেন্ট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। আট দফা নির্দেশনার আলোকে রাষ্ট্রীয় পদক্রম তৈরি করতে বলেছেন। এতে কী বলা হয়েছে, তা না দেখে মন্তব্য করা সমীচীন হবে না। তবে রায়ের অনুলিপি পাওয়ার পর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রাষ্ট্রীয় নীতিনির্ধারণী বিষয়। এটি জুডিশিয়াল রিভিউর বিষয় নয়।শাহদীন মালিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টযে ভিত্তির ওপর হাইকোর্ট এ রায় দিয়েছেন, আমার কাছে তা খুব বেশি জোরালো মনে হয়নি। সংবিধানে বিভিন্ন ধাঁচের, বিভিন্ন পদের নাম উল্লেখ আছে। পদমর্যাদা নির্ধারণের ক্ষেত্রে এ নাম উল্লেখই যে প্রধান নির্দেশক হবে, সে ব্যাপারে কোথাও কিন্তু কিছু বলা নেই। যত দূর জানি, এ রকম কোনো বাধ্যবাধকতাও নেই। রাষ্ট্র পরিচালনায় কিছু পদক্রম কিংবা পদমর্যাদার ক্ষেত্রে কিছু শৃঙ্খলা থাকা উচিত। তবে তা নিয়ে উদ্বেলিত হওয়া কিংবা বাড়াবাড়ি করাকে কোনোভাবেই সমুচিত বলা যায় না। আমার চোখে তা সামন্তবাদী চিন্তার বহিঃপ্রকাশ। গণতন্ত্রের সঙ্গে সেটা মোটেও যায় না। আপিল করলে রায়টি হয়তো বাতিল কিংবা পরিবর্তিত হতে পারে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত যা-ই হোক, আমি চাইব বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক। চাইব পক্ষ-বিপক্ষ সবার সঙ্গে আলোচনা করে সরকার পদক্রমের বিষয়টির সম্মানজনক সুরাহা কিংবা পুনর্নির্ধারণ করুক।আসিফ নজরুল অধ্যাপক, আইন বিভাগ, ঢাবিবিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে গুরুতর কিছু গলদ ছিল। যুগে যুগে রাষ্ট্রের সামরিক-বেসামরিক কর্তাব্যক্তিরা একে তাঁদের খেয়াল-খুশিমতো সাজিয়েছেন। এ প্রেসিডেন্সে বরাবরই ক্ষমতার কাছাকাছি লোকেরা প্রাধান্য পেয়েছেন এবং অপেক্ষাকৃত সম্মানিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য লোকদের উপেক্ষা করা হয়েছে। ‘রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম’ (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) না বলে এটাকে আমি বলব, ‘ক্ষমতার ক্রম’। তাই এ প্রিসিডেন্সের সামগ্রিক, গ্রহণযোগ্য ও যৌক্তিক একটা রিভিউ খুবই জরুরি ছিল। হাইকোর্ট বিভাগ দেরিতে হলেও এ জরুরি প্রয়োজনের দিকে নজর দিয়েছেন এবং এ বিষয়ে একটি দিকনির্দেশনা দিয়েছেন। আমি মনে করি, এটাই এ রায়ের সবচেয়ে বড় অর্জন।শ ম রেজাউল করিম সংস্থাপন মন্ত্রণালয়ের আইনজীবীরায় অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। কারণ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়। হাইকোর্ট এ ক্ষেত্রে নির্দেশনা দিতে পারেন না। সরকারের সঙ্গে আলোচনা করে আপিল দায়ের করা হবে।