রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নির্ধারণ করতে হাইকোর্টের আট নির্দেশনা
জেলা জজের অবস্থান সচিব ও তিন বাহিনীর প্রধানের ওপরে
জেলা জজসহ নিম্ন আদালতের বিচারকদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আট দফা নির্দেশনা দিয়ে আদালত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম পুনর্নির্ধারণ করতে বলেছেন সরকারকে। এ জন্য দুই মাসের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আদালত জেলা জজদের রাষ্ট্রাচার (প্রটোকল) প্রদানেরও নির্দেশ দিয়েছেন।হাইকোর্টের গতকালের নির্দেশনায় বলা হয়েছে, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য মহানগর হাকিমদের পরের ক্রমিকে থাকবেন তিন বাহিনীর প্রধানেরা। আর সচিব পদমর্যাদার কর্মকর্তাদের অবস্থান হবে তিন বাহিনীর প্রধানদের পরে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (২০০০ সালে সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন।২০০০ সালের সংশোধিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা জজদের অবস্থান ছিল ২৪ নম্বরে। তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদের সচিব ছিলেন ১২ নম্বর ক্রমিকে। সচিবেরা আছেন ১৬ নম্বর ক্রমিকে।হাইকোর্ট আট দফা নির্দেশনার আলোকে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে তা হলফনামা আকারে আদালতে দাখিল করতে মন্ত্রিপরিষদের সচিবকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আগামী ২৫ মে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে।বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব এবং বর্তমানে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক মো. আতাউর রহমানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। বুধবার রায় দেওয়া শুরু হয়। গতকাল দুপুরে আদালত রায় প্রদান শেষ করেন।সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বিসিএস জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ জেলা জজ। তাই এ পদের মর্যাদা ডেপুটি কমিশনারের (ডিসি) সমকক্ষ রাখা ঠিক নয়। আবার সচিবদের বা তিন বাহিনীর প্রধানদের ওপর জেলা জজদের পদমর্যাদা নির্ধারণও বেমানান। তাঁর মতে, জেলা জজদের পদমর্যাদা অতিরিক্ত সচিবের পদমর্যাদার সমান হতে পারে। কারণ, জনপ্রশাসনের সর্বোচ্চ পদও সচিব, সেটা বিবেচনায় রাখা দরকার।এম হাফিজউদ্দিন খান বলেন, হাইকোর্টের নির্দেশনা নতুন করে বিতর্ক সৃষ্টি করবে। তাঁর মতে, নির্বাহী বিভাগের কার্যক্রম কী হবে, সে সিদ্ধান্ত সংসদে হওয়া বাঞ্ছনীয়।আদালতের নির্দেশনা: আদালত বলেছেন, নতুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের প্রথমেই সব সাংবিধানিক পদ গুরুত্ব অনুসারে রাখতে হবে। এরপর থাকবে সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদ।আদালত বলেছেন, জেলা জজদের পদ সংবিধানে উল্লিখিত পদ হওয়ায় সাংবিধানিক পদগুলোর পর পরই তাঁর অবস্থান হবে। সংবিধানে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী, জেলা জজ বলতে অতিরিক্ত জেলা জজকেও বোঝায়। তাই অতিরিক্ত জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের জেলা জজদের পর পরই রাখতে হবে।এর পরের ক্রমিকে তিন বাহিনীর প্রধানদের রাখতে হবে। সরকারে সচিব পদমর্যাদার কর্মকর্তারা এর পরে থাকবেন।রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন এম জহির, রোকনউদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। এ ছাড়া মন্ত্রিপরিষদের সচিবের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রব চৌধুরী, সংস্থাপন মন্ত্রণালয়ের পক্ষে শ ম রেজাউল করিম মামলা পরিচালনা করেন।সংস্থাপন মন্ত্রণালয়ের কৌঁসুলি শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে আপিল দায়ের করা হবে।রিট মামলা: সরকারের কার্যপ্রণালী বিধি (রুলস অব বিজিনেস) অনুযায়ী, ১৯৮৬ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই বছরের ১১ সেপ্টেম্বর তা জারি করা হয়। পরে ২০০০ সালে তা সংশোধন করা হয়। সংশোধিত এই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয় ২০০৬ সালে। আবেদনে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির ক্ষেত্রে সাংবিধানিক পদ, সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচের ক্রমিকে রাখা হয়েছে দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়।ওই বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলে জেলা জজদের প্রশাসনের অন্যান্য ক্যাডারের সদস্যদের একসঙ্গে রাখা বা নিচের ক্রমিকে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এই রুলের ওপর দীর্ঘ ১০ দিন শুনানি শেষে গতকাল এ রায় দেওয়া হয়।