জেলা জামায়াতের নায়েবে আমিরসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে এক শিবির কর্মীসহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরকে আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। নয়টার দিকে শহরের দশানী এলাকা থেকে মডেল থানা পুলিশ নায়েবে আমির মাওলানা রেজাউল করিম (৫০) এবং শিবির কর্মী আল আমিনকে (২২) গ্রেপ্তার করে। গোলাম আজমের মুক্তির দাবিতে শহরে ঝটিকা মিছিল কর্মসূচি সমন্বয়ের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গোলাম আজমের মুক্তির দাবিতে আজ ভোর থেকে জামায়াত-শিবির কর্মীরা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। এরই অংশ হিসেবে তাঁরা ভোরে শহরের মিঠাপুকুর মসজিদ এলাকায় মিছিল করে। ওই মিছিল কর্মসূচি সমন্বয় করছিলেন রেজাউল করিম। খবর পেয়ে পুলিশ শহরের দশানী এলাকা থেকে রেজাউল ও ইসলামী ছাত্রশিবির কর্মী আল আমিনকে গ্রেপ্তার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল ওয়াদুদ বলেন, জামায়াতে ইসলামী আজ শহরে কোনো মিছিল করার কর্মসূচি নেয়নি। তবে ছাত্রশিবির ভোরে শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে। জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম ও দলের সমর্থক আল আমিনকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন তিনি।