জেলা নির্বাচন কর্মকর্তা লাঞ্ছিত, দুই ম্যাজিস্ট্রেট স্ট্যান্ডরিলিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় অভিযুক্ত দুই ম্যাজিস্ট্রেটকে স্ট্যান্ডরিলিজ করেছে খুলনা বিভাগীয় কমিশনার অফিস।আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ অভিযোগ করেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।লিখিত অভিযোগে তারেক জানান, ভোটার তালিকা হালনাগাদ করতে জেলা সমন্বয় কমিটির সভা আহ্বানে ৮ মার্চ জেলা প্রশাসকের কাছে তিনি সময়সূচি চান। জেলা প্রশাসক তাঁর দপ্তরের সঙ্গে আলাপ করে তারিখ নির্ধারণের কথা জানান। গতকাল সোমবার দুপুরে এনডিসির পিয়ন ফোন করে তাঁকে কার্যালয়ে যেতে বলেন। কিন্তু কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে যাওয়া সম্ভব হয়নি। সোয়া তিনটার দিকে ফোন করে এনডিসি এ বিষয়ে তারেকের কাছে কৈফিয়ত চান।জেলা নির্বাচন কর্মকর্তা অভিযোগ করেন, কিছুক্ষণ পরই জেলা প্রশাসক কার্যালয়ের সিএ নাজিরসহ ২০-২৫ জন কর্মচারী গিয়ে তাঁর কার্যালয়ে হানা দেন। তাঁকে টেনে-হিঁচড়ে কিলঘুষি মারতে মারতে কালেক্টরেট ভবনের তিন তলায় একটি কক্ষে নিয়ে যান। এরপর দরজার সিটকিনি আটকে এনডিসি, আরডিসিসহ কয়েকজন সহকারী কমিশনার কিলঘুষি ও স্যান্ডেল দিয়ে তাঁকে মারধর করেন। সেখানে এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম উদ্দিন, আরডিসি অবিডিও মার্ডি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন। পরে ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান তাঁকে সেখান থেকে উদ্ধার করেন এবং হামলাকারী কর্মচারী ও ম্যাজিস্ট্রেটদের নিবৃত্ত করেন।এ ব্যাপারে অভিযুক্ত ম্যাজিস্ট্রেট এনডিসি আসলাম উদ্দিন জানান, নির্বাচন কর্মকর্তা তাঁর ডাকে সাড়া দেননি। একপর্যায়ে কর্মচারীরা তাঁকে ডেকে আনেন। এই সময় কয়েকজন ম্যাজিস্ট্রেট ও কর্মচারীর সঙ্গে নির্বাচন কর্মকর্তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। তিনি বলেন, কোনোভাবেই শারীরিক লাঞ্ছনার বিষয়টি কাম্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু জানান, এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। অভিযুক্ত কর্মচারীদের জবানবন্দি গ্রহণের কাজ চলছে। দোষী প্রমাণিত হলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, অভিযুক্ত দুই ম্যাজিস্ট্রেট আজ দুপুরে স্ট্যান্ডরিলিজ হওয়ায় জেলায় যোগদান করতে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আজ সারা দিন জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দফায় দফায় মিটিং করেন। এই সময় জেলা প্রশাসক নিজে এবং অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের হাতে নির্বাচন কর্মকর্তা হেনস্থা হওয়ার ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।লাঞ্ছিত হওয়া নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, ‘শুনেছি, এই ঘটনায় অভিযুক্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।’ তিনি ঘটনাটি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। কমিশন তাঁকে অভিযুক্ত ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।