জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সংবিধানসম্মত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদে প্রশাসক মনোনয়ন সংবিধানসম্মত নয়। ক্ষমতা বিকেন্দ্রীকরণের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই, বরং এতে জটিলতা বাড়বে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা পরিষদ গঠন করা জরুরি।রাজনৈতিক বিবেচনায় মনোনীত প্রশাসক দিয়ে জেলা পরিষদ গঠন করায় দেশের নাগরিক সমাজ এ রকম মতামত দিয়েছে। দেশের তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। প্রশাসকদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তা সংবিধানসম্মত নয়। এতে রাজনৈতিক জটিলতা দেখা দেবে। তবে তিনি এ-ও মনে করেন, জেলা পরিষদে এখন যে কাজকর্ম দেওয়া আছে, তাতে জেলা প্রশাসনের সঙ্গে কোনো জটিলতা দেখা দেবে না। কিন্তু ভবিষ্যতে রাজনৈতিক জটিলতা দেখা দিতে পারে।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গণ-অংশায়নের কথা বলা হয়েছে। এ উদ্দেশ্যে জেলা ও উপজেলার স্থানীয় সরকারকে স্বনির্ভর ও স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে।দেশের বিশিষ্ট নাগরিকেরা দীর্ঘদিন পর জেলা পরিষদের গঠনকে ইতিবাচক হিসেবে দেখলেও মনোনীত প্রশাসক নিয়োগকে ভালো বলছেন না। তাঁরা এ বিষয়টিকে শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন। তা ছাড়া জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নিয়ে কোথাও আলোচনা হয়নি বলে তাঁদের অভিযোগ।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, শক্তিশালী স্থানীয় সরকার গঠন বা গণতন্ত্রের ভিত শক্ত করা—প্রশাসক নিয়োগে এর কোনোটাই হবে না। এ নিয়ে কোথাও আলোচনা হয়নি। দলেও আলোচনা হয়েছে বলে জানা নেই। তিনি বলেন, দলের ভেতর অনেক প্রাপ্তির ব্যাপার আছে। সেদিক থেকে হয়তো তাঁরা এটাকে প্রয়োজন মনে করেছেন।আওয়ামী লীগ সূত্রে জানা যায়, জেলা পরিষদ গঠন নিয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বা সভাপতিমণ্ডলীর সভায় কোনো আলোচনা হয়নি। তবে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি সংরক্ষিত নারী আসনে পাঁচ সাংসদকে দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক বসে। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নিয়ে আলোচনা করেন এবং এখানেই সিদ্ধান্ত হয়।মনোনীত প্রশাসক নিয়োগকে কেউ কেউ রাজনৈতিক নিয়ন্ত্রণ বলেও মনে করেন। তা ছাড়া ক্ষমতা বিকেন্দ্রীকরণের যে রাজনৈতিক অঙ্গীকার ছিল দলগুলোর, তার সঙ্গেও এ বিষয়টি বিপরীত। এতে শুধু রাজনৈতিক অভিপ্রায়ই প্রতিষ্ঠা পেল।স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সংবিধান অনুযায়ী জেলা পরিষদ গঠন জরুরি ছিল। জেলা পরিষদে ভবন, কর্মকর্তা-কর্মচারী আছে। কিন্তু পরিষদ নেই। তবে এখন যা করা হলো, তা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা পরিষদ গঠন করা জরুরি বলে মনে করেন তিনি।