জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বৈধতা: রিটের শুনানি মুলতবি
দেশের ৬১টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আজ রোববার হাইকোর্টে করা রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরপর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন দিনের জন্য শুনানি মুলতবি করেন। এ সময়ের মধ্যে নিয়োগসংক্রান্ত গেজেট প্রকাশিত হলে তা আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর আগে আজ সকালে আইনজীবী রেদোয়ান আহমেদসহ দুজন রিটটি দায়ের করেন।গত ১৫ ডিসেম্বর ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসক নিয়োগসংক্রান্ত জেলা পরিষদ আইন-২০০০-এর ৮২ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। রিট আবেদনে স্থানীয় সরকার সচিব, জন প্রশাসন সচিব, আইন সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে বিবাদী করা হয়েছে।রিটের ওপর শুনানিতে অংশ নিয়ে রিট আবেদনকারীদের আইনজীবী সোয়েব উদ্দিন খান বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতেই সংবিধানে নির্বাচিত প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। অনির্বাচিত প্রতিনিধিদের স্থানীয় সরকারে নিয়োগ দেওয়া যাবে না বলেও আপিল বিভাগের রায় রয়েছে। সংবিধানের নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার পরিচালনা করবেন। কিন্তু জেলা পরিষদ আইনের ৮২ ধারায় প্রশাসক নিয়োগের কথা বলা আছে। এটা সংবিধানের ৭(২) অনুচ্ছেদের পরিপন্থী। যা শুরু থেকেই বাতিলযোগ্য। শুনানিকালে আদালত নিয়োগসংক্রান্ত গেজেট রিটে দেওয়া হয়েছে কি না জানতে চান। জবাবে আইনজীবী বলেন, ‘গেজেট এখনো হাতে পাইনি।’ আইনজীবী সোয়েব উদ্দিন খান আদালতে বলেন, ‘আদালত রুল জারি করতে পারেন। নিয়োগসংক্রান্ত গেজেট হাতে পাওয়া গেলে তা সম্পূরক আবেদন দিয়ে দাখিল করা হবে।’ এরপর আদালত তিন দিনের জন্য শুনানি মুলতবির কথা বলেন। রিট আবেদনে বলা হয়, ৮২ ধারায় বলা আছে, জেলা পরিষদে নির্বাচনের আগে প্রশাসক নিয়োগ করা যাবে। এটি সংবিধানের ৫৯, ৭-এর ২ অনুচ্ছেদ পরিপন্থী। রিট আবেদনে জেলা পরিষদ আইনের ৮২ ধারা কেন অবৈধ হবে না—সে মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসক নিয়োগের কার্যকারিতা স্থগিতের আরজি জানানো হয়।