জেলা পর্যায়ে বিক্ষিপ্ত পিকেটিং, মিছিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধার মুখে বিক্ষিপ্ত পিকেটিং, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে বিএনপির ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে। দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে ২২ জন এবং রাজবাড়ী থেকে ২২ জনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। আর নোয়াখালীতে পিকেটাররা মাইক্রোবাস ও অটোরিকশা ভাঙচুর করেছে।নোয়াখালী: সকাল নয়টার দিকে শহরের মাইজদী বাজার এলাকার পিকেটাররা একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় পুলিশের ধাওয়ার মুখে পিকেটাররা পালিয়ে যায়। এ ছাড়া সকাল আটটার দিকে পিকেটারেরা সোনাইমুড়ী-কুমিল্লা সড়কে সিএনজিচালিত তিনটি অটোরিকশা ভাঙচুর করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সকাল ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের নেতৃত্বে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সারওয়ার আলম প্রথম আলো অনলাইনকে বলেন, শহরের ১৪টি গুরুত্বপূর্ণ স্থানকে চিহ্নিত করে সেসব স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এদিকে নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে গতকাল রাতে বিএনপি ও জামায়াতের ১৬ কর্মী-সমর্থককে আটক করে পুলিশ।নারায়ণগঞ্জ: সকাল সাড়ে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে যুবদল নেতা আনোয়ার হোসেনসহ ১০ জন আহত হয়। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা সকাল ছয়টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি মণ্ডলপাড়াপুল এলাকায় এলে পুলিশ বাধা দেয়। পরে তারা নগরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে সভা করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে দুজনকে এবং রূপগঞ্জ থেকে ১৮ জনকে গ্রেপ্তার করে। তবে হরতালের দ্বিতীয় দিনে জেলা বিএনপির শীর্ষ কোনো নেতাকে দেখা যায়নি। এদিকে নারায়ণগঞ্জ থেকে অল্পসংখ্যক যাত্রীবাহী বাস চলাচল করলেও লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।রাজবাড়ী: সদরে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল রাতে রাজবাড়ী সদর থেকে নয়জনকে, পাংশা পাঁচজনকে ও বালিয়াকান্দি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, এটি সরকারের স্বৈরাচারী মনোভবের প্রকাশ। চাঁদপুর: ফরিদগঞ্জ উপজেলার বর্ডারবাজার এলাকায় বেলা ১১টায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যকার সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছে। এ ছাড়া হাজীগঞ্জ উপজেলায় বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে হাজীগঞ্জ বাজার এলাকায় বেশকিছু সময় থমথমে অবস্থা বিরাজ করে।আমতলী (বরগুনা) : বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সকাল ১০টার দিকে আমতলীর নতুন বাজার বাঁধঘাট এলাকা থেকে বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।