জেলা প্রশাসকদের বক্তব্যে ক্ষুব্ধ পুলিশ, এসপির অধীনে ম্যাজিস্ট্রেট চেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ভূমিকা নিয়ে জেলা প্রশাসকদের করা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে পুলিশ কর্তৃপক্ষ। এমন মন্তব্য দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা কি না, তা খতিয়ে দেখার দাবিও জানানো হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এমন দাবি জানায়। অ্যাসোসিয়েশন জেলা পুলিশ সুপারের (এসপি) অধীনে ম্যাজিস্ট্রেট নিয়োগেরও দাবি জানিয়েছে।গত রোববার সম্মেলনে কয়েকজন জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলেন, অনেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ধরনের পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তাঁদের নির্দেশনা শোনেন না বলেও ডিসিরা অভিযোগ করেন।পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসকদের এমন নেতিবাচক বক্তব্য পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীর ওপর ডিসিরা নিয়ন্ত্রণও দাবি করেছেন বলে অভিযোগ করা হয়। মাঠপর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তা এ নিয়ে তাঁদের ক্ষোভের কথা কর্মকর্তাদের জানিয়েছেন। এসব নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে কারণে এ সম্মেলন ডাকা হয়েছে বলে কর্মকর্তারা জানান।সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা, র‌্যাবের মহাপরিচালক ও পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান মাহমুদ খন্দকার, এসবির অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক নুরুজ্জামানসহ সদর দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘জেলা প্রশাসকদের সম্মেলনে পুলিশ নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা অপ্রত্যাশিত। এ ধরনের মন্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির অবকাশ আছে। তবে এ নিয়ে এখন আর কোনো ভুল বোঝাবুঝি হবে না।’অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসকদের মন্তব্য এক লাখ ২৪ হাজার পুলিশ সদস্যের মনে রক্ত ঝরিয়েছে। তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না।’ তিনি বলেন, ‘কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না তাঁদের সব লোক সৎ। থানায় দায়ের করা মামলার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ৬০ শতাংশ মামলা হয় জমিজমা নিয়ে বিরোধের কারণে। জমিজমার এই বিরোধের পেছনে আছে প্রশাসনের লোকজন। তাঁদের অনিয়মের কারণেই ৬০ শতাংশ মামলা হচ্ছে।’অ্যাসোসিয়েশনের এ নেতা আরও বলেন, দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বিডিআরের মতো স্পর্শকাতর মামলার বিচার চলছে। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র আটক, ২১ আগস্টের মতো মামলার তদন্ত চলছে। এ রকম গুরুত্বপূর্ণ সময়ে পুলিশ বাহিনী নিয়ে এ ধরনের নেতিবাচক মন্তব্য পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা কি না, তা খতিয়ে দেখা দরকার।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘পুলিশ সম্পর্কে এ রকম ঢালাও মন্তব্য করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। কারও কারও মধ্যে পরিস্থিতি ঘোলাটে করার মতো অবস্থা সৃষ্টির মনোভাব থাকতে পারে।’ তিনি বলেন, ‘পুলিশের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত—এ রকম ঢালাও মন্তব্য করা ঠিক হয়নি। আমরা জানি কে কী করছে।’পুলিশ অ্যাসোসিয়েশন মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ সুপারের অধীনে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছে। মহানগর এলাকার মতো জেলা পর্যায়েও নিজেদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়েছে তারা।এ ধরনের অবস্থান প্রশাসন ও পুলিশ ক্যাডারকে মুখোমুখি করছে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, না, এতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে না।পুলিশের অধীনে কীভাবে ম্যাজিস্ট্রেট কাজ করবেন, জানতে চাইলে সাধারণ সম্পাদক বলেন, ‘এখন র‌্যাবের অধীনে ম্যাজিস্ট্রেট কাজ করছেন। সেভাবে জেলা পুলিশ সুপারদের অধীনে ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। তাতে অনেক কাজ দ্রুত করা সম্ভব হবে। তা ছাড়া মহানগর এলাকায় পুলিশ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে। সেটা জেলায় করলে দোষের কী?’জেলা প্রশাসকদের মন্তব্যের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, জানতে চাইলে পুলিশের আইজি বলেন, ‘আগে তো এ ধরনের কথা কেউ বলেনি, এখন কেন বলছে, সেটা ভেবে দেখা দরকার। তবে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে কথা বলা উচিত।’ পুলিশ অ্যাসোসিয়েশনের একটি লিখিত বক্তব্যও সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়। এতে জেলার আইনশৃঙ্খলা বৈঠকে পুলিশ সুপারদের উপস্থিতির ব্যাপারে বলা হয়, জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় উপকমিশনারদের নিরঙ্কুশ কর্তৃত্ব গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। মাঠপর্যায়ে পুলিশের কাজের তদারকির ব্যাপারে বলা হয়, অন্য ক্যাডারের লোক দিয়ে মাঠপর্যায়ে পুলিশের কাজের তদারকির প্রস্তাব অবাস্তব। তা ছাড়া ডিসিদের নেতৃত্বে আলাদা পুলিশ গঠনের প্রস্তাবও অযৌক্তিক। বিশ্বে এ ধরনের শাসনের নজির নেই। বিভাগীয় কমিশনারের পুলিশ প্রোটেকশনের ব্যাপারে বলা হয়, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রোটেকশন যেখানে দেওয়া হয় না, সেখানে তাঁদের প্রটোকল কেন দিতে হবে? জেলা আইনশৃঙ্খলা বৈঠকে র‌্যাবের উপস্থিতির ব্যাপারে বলা হয়, এসব নিয়ে মন্তব্য করা পুলিশের প্রশাসনিক কাজে হস্তক্ষেপের শামিল। যেখানে পুলিশের প্রতিনিধি থাকেন, সেখানে আলাদা করে র‌্যাব থাকার কোনো প্রয়োজন পড়ে না। র‌্যাবও পুলিশের মতো আইজির নিয়ন্ত্রণেই কাজ করে।